
২০২০ নির্বাচনে হেরে যাবেন ট্রাম্প?
রূপসী বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাবেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পত্রিকা ‘পলিটিকো’ এবং মিডিয়া কোম্পানি ‘মর্নিং কনসাল্ট’ এর যৌথ জনমত জরিপে এমন তথ্যই বেরিয়ে এসেছে।
এ জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, আগামী নির্বাচনে যদি ডেমোক্রেটিক পার্টি ট্রাম্পের সঙ্গে মোকাবেলার জন্য জো বাইডেনকে প্রার্থী করে তাহলে তিনিই জয়ী হবেন।
আগামী ২০২০ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
জনমত জরিপের ফলাফল বলছে, ট্রাম্প ও বাইডেনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলে ট্রাম্পের জয়ের সম্ভাবনা থাকবে ৩১ শতাংশ। অপরদিকে বাইডেনের সম্ভাবনা থাকবে ৪৩ শতাংশ।
একইভাবে ডোনাল্ড ট্রাম্প ও বারনি সেন্ডার্সের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলে সেন্ডার্সের সম্ভাবনা আরও বেড়ে যাবে।সেক্ষেত্রে তার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে ৪৪ শতাংশ।
জো বাইডেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এ ছাড়া বারনি সেন্ডার্স হচ্ছেন দেশটির স্বতন্ত্র সিনেটর। তিনি বহু বছর ধরে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির আগে গত ১৬ থেকে ১৮ আগস্ট এই জনমত জরিপ চালানো হয়েছে। অনেকেই মনে করছেন, কোহেন অপরাধ স্বীকার করার পর ট্রাম্পের জয়ের সম্ভাবনা আরও কমে গেছে।



