
সোহানুজ্জামান মেহরান
ঈদ আসে দুলে-দুলে ফুলে-ফুলে ঘ্রাণে,
ঈদ হাসে পাড়াগাঁয় খুকিদের প্রাণে।
ফুরফুরে বায়ু বয় ঝুরঝুরে মন,
দিকে-দিকে খুশি মাখা চলে আয়োজন।
ঈদ আসে নীলে-নীলে মেঘেদের বাড়ি.
চাঁদ তারা হাসিখুশি করে কাড়াকাড়ি।
খোলে মন দোলে মন ভুলে যায় ঘৃণা,
আসমানী তারে বাজে রহমের বীণা।
ঈদ আসে হৃদ হাসে মুখে মিঠে সুর,
মাখামাখি চারিদিক আমোদ মধুর।
ঢেউ আঁকা নদীটার মৃদু কোলাহলে,
কূলে-কূলে আনন্দ সমাবেশ চলে।
কারা আছো? সাড়া দেবে দুখিদের ডাকে,
আর যারা পথেঘাটে অনাহারে থাকে?
বাতাসও কানে-কানে বলে যায় তাই,
দুখিদের কাছে ডেকে বুকে নিও ভাই।



