
জসীম উদ্দীন মুহম্মদ
শেষ পর্যন্ত সব গল্প মিশে যায় এক সুরে রক্ত ও ঘামের
নিঃশব্দ চুক্তিতে; তুমি যে কারখানার পথ পেরিয়ে যাও
প্রতিদিন, সেখানে প্রতিটি ইটের ভেতর লুকানো থাকে
একজন মানুষের নাম অলিখিত, অপ্রকাশ্য, অমর।
ওই নামগুলো ইতিহাসে নেই, নোবেল তালিকায় না
তবু তাদের ঘামেই জ্বলে রাতের আলো, ভোরের রুটি!
রক্ত মানে এখানে মৃত্যু নয়
এখানে রক্ত মানে দৃঢ়তা, ছেঁড়া পাঞ্জাবি
আর অক্ষরহীন চিৎকার যা শুনতে পারে শুধু সময়।
একটা শিশু যখন বলে, আমার বাবা এখনো কাজে
তখন বুঝি, এই কবিতা শেষ নয়, এ কেবল শুরু
হাজার শ্রমিকের গলার কাছে কামড়ে থাকা বাস্তবতা!
আর লাল রঙ? তা শুধু পতাকায় নয়, তা চোখে, ঘামে
আর প্রতিটি ঘুমহীন স্বপ্নে…যা মে মাসের দেয়াল বেয়ে
চুপচাপ নামতে থাকে আজও।



