
হোটেলে বিধ্বংসী আগুনে পুড়ে মৃত ১৮
রূপসী বাংলা ডেস্ক: বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হল ১৮ জনের৷ শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চিনের হারবিন সিটিতে৷ আগুনের বিষাক্ত ধোঁয়ায় ১৯ জন অসুস্থ হয়ে পড়েছেন৷ তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
সেদেশের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, হারবিনের একটি হোটেলের চারতলায় আগুন লাগে৷ মুহূর্তের মধ্যে সেটি ছড়িয়ে যায় বিভিন্ন তলগুলিতে৷ খবর দেওয়া হয় দমকলকেও৷ দমকল আসার আগেই গোটা হোটেল তখন আগুনের গ্রাসে৷ পরে দমকল আসার পর তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷
হোটেলের এক কর্মী জানিয়েছেন, ভোর রাতের দিকে আগুন লাগে৷ অনেকেই ঘুমিয়ে ছিল৷ বিষাক্ত ধোঁয়া ও আগুনে পুড়ে ঘুমের মধ্যেই ১৮ জন মৃত্যুর কোলে ঢোলে পড়ে৷ এছাড়া ১৯ জন অসুস্থ হয়ে পড়েন৷ এখনও অবধি আগুন লাগার কারণ পরিস্কার নয়৷ তদন্ত শুরু হয়েছে৷
বিধ্বংসী আগুন লাগার ঘটনা চিনে সাধারণ ব্যাপার৷ এপ্রিল মাসেও বিধ্বংসী আগুনের কবলে পড়ে ১৮ জনের মৃত্যু হয়৷ পাঁচ জন অসুস্থ হয়ে পড়েন৷ গত বছর নভেম্বর মাসেও বেজিংয়ের একটি বোর্ডিং হাউসে আগুন লাগার ঘটনায় ১৯ জন মারা যান৷



