
সোহানুজ্জামান মেহরান
পিঠের উপর ইটের ক্ষত ঘাড়ে ঘরের বোঝা,
অভাব সাপে কামড়ানো বিষ নামাবে কোন ওঝা?
হাতের রেখা উপড়ে গেছে ভাতের খোঁজে থেকে,
ফাগুন বেলার আগুন মুছি পথের ধুলো মেখে।
কোন বাতাসে শান্তি আসে! কোন বাদলে সুখ!
মেঘের ডাকে আবেগ হারায় বর্ষারা থামুক।
তিন ফসলের দিন ফুরোল জমিন গেল ভেসে,
কালোর কোলে ফুটবে আলো ভয়াল রাতের শেষে!
প্রত্যাশা যার আধেক সিকি আসবে ঠিকই আলো,
বিশ্বাসীরা প্রহর গোনে স্বপ্ন বোনে ভালো।
যুদ্ধ করেই বাঁচার প্রয়াস, বিশুদ্ধ হোক পথ,
সংগ্রামীদের সহজ জীবন আসেনি আলবৎ।
অভাব এসে থমকে দাঁড়াক চমকে উঠুক সিনা,
তবু অভাব ভালোবাসি, নেই সামান্য ঘৃণা।
অতি সুখে নামটি রবের যায় যদি ফের ভুলে,
পাপ পাথারের অতল থেকে কে ওঠাবে কূলে?



