
মিয়ানমারের সেনাপ্রধানকে নিষিদ্ধ করল ফেসবুক
রূপসী বাংলা ডেস্ক: মিয়ানমারের সেনাপ্রধান মিন আং লাইংকে নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এরই মধ্যে মিন অং লাইংসহ দেশটির সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত ফেসবুক পেজগুলোও মুছে ফেলা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আজ সোমবার জাতিসংঘের তদন্তকারী সদস্যরা আহ্বান জানান, মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের অভিযোগে দেশটির সেনাপ্রধানসহ অপর পাঁচ শীর্ষ সেনা কমান্ডারকে বিচারের মুখোমুখি করতে হবে। জাতিসংঘের তদন্তকারীরা এ আহ্বান জানানোর পরই মিন অং লাইংকে নিষিদ্ধ করে ফেসবুক।
এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, মিয়ানমারে ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাইংয়ের নাম। ফেসবকু ব্যবহার করে যেন তারা ভবিষ্যতে জাতিগত ও ধর্মীয় উত্তেজনা তৈরি করতে না পারেন সে কারণেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনীসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিতে থাকে।



