
শাহজালাল সুজন
তোমার হাতের মৃদু ছোঁয়ায়
অজান্তে মন বাজতো সুখ,
আকস্মিক ঝড় বন্ধন ছিঁড়ে
খেয়ালী রোদ দেয় যে দুখ।
এগারোর ওই সময় রেখায়
প্রীতি সুরে হতো গান,
দুমড়ে মুচড়ে খুন পিয়াসী
কেড়ে নিলো মধুর শান।
অনল বর্ষায় হৃদয় জ্বলছে
অঝোর কান্না ধারা বয়,
গলিত আজ মাটির বদন
শিখার বায়ু করে ক্ষয়।
ভীষণ চৈতৃক খিড়কি দুয়ার
চুপসে গেল ফাগুন ফুল,
ঘড়ির কাঁটায় থমকে যাওয়া
স্মৃতির হাতে ধূসর কূল।



