
আমার মৃত্যুর পরে,
বৃষ্টির বৈধতা দেবে সমুদ্রের মাতাল হাওয়া
পৃথিবী কাঁদবে সারারাত
আয়নায় দাঁড়িয়ে দেখবে তুমি তোমার অতীত।
আমার মৃত্যুর পরে,
কুয়াশায় ভিজে যাবে আমার শহর
সন্ধ্যায় জ্বালাবে কেউ পবিত্র আরতি
প্রেমিক ভ্রমর খুঁজে পাবে তার প্রিয় ফুলের বাগান।
আমার মৃত্যুর পরে,
আকাশে উঠবে বাঁকা চাঁদ
প্রেমিকার মুখোমুখি বসবে প্রেমিক
সকালের সূর্য আবার সন্ধ্যায় নেবে অবসর।
আমার মৃত্যুর পরে,
পূর্ণিমার প্রেমে পৃথিবী পাগল হবে
হয়তো নক্ষত্র এক রাত জেগে খুঁজবে আমায়
শ্মশানের অশ্বত্থ গাছের ডালে সারারাত কাঁদবে কুহক।
আমার মৃত্যুর পরে,
আবার নদীর কূল ভাসবে জোয়ারে
শরতের সাদা মেঘ আকাশে আঁকবে তার ছবি
সন্ধ্যার শাশ্বত ছায়া গায়ে মেখে পাখি সব ফিরবে কুলায়।
আমার মৃত্যুর পরে,
আবার আসবে ফিরে সুরেলা শ্রাবণ
পৃথিবী পবিত্র হবে বর্ষার বিশুদ্ধ স্নানে
হয়তো তখন তুমি জানালায় বসে দেখবে আকাশ
নিস্তব্ধ রাতের বুকে উড়বে একাকী এক বিষণ্ন বাদুড়।



