
আতস কাচের নীচে একখানা ছবি রাখা আছে,
নীরব রাতের শেষে দেখেছি
ভোরের আকাশ আর পশ্চিমের ডুবো চাঁদ,
চোখ বন্ধ করে মুখের আদল-টা হাতড়ে বেড়াই…
পুবের জানালায় ধূসর স্মৃতির মতো—
শুকতারা আলোক হারায়।
তুমি তো মেঘের ডাক শুনেছ উত্তুঙ্গ সমীরে,
উষ্ণতার আকাশ নেই, মেঘেরা ফিরেছে নীড়ে,
গভীর রাতে বৃষ্টি থামার পর গাছের পাতা থেকে জল ঝরার
শব্দের মতো তোমার জন্য মনের মধ্যে এক অনুরণন।
মধ্য রাতে অরণ্যসঞ্চারী পাগল হাওয়া তোমার জানালায়
ডেকে কয়—
ভোরের আলোয় সমুদ্র সৈকতে বেড়াতে যাব
বালিয়াড়ি-বেলাভূমি তারপর ঝাউবন,
ক্লান্তির শেষে সে পথিক তখন হাওড়ের ডিঙা বায়।
তখনো পুবের বাতাস জাগে নাই,
আমি শুধু আঙুলে আঙুল রেখে…
পার হই তপ্ত মরুভূমি।



