
বেগম মুয়াখ্যিরা খানুম(স্বপ্না)
শৈশবের সেই শিউলি প্রভাতে
তোমার মনের গলির-
আল্পনাময় রৌদ্রছায়ায়
আদরের আলো,সোহাগের ঘ্রাণ
কুড়িয়ে নিয়েছিলাম আমার
কান্তিময় আঁজলা ভরে।
আজও তা হারাতে দেইনি
লুকিয়ে রেখেছি-
আমার প্রিয় কংকন কেয়ুরে,
অলকানন্দার গহীন বাঁকে,
মেঘে মেঘে ভেসে যাওয়া
হাওয়ার শীতলে,
শারদ রোদ্দুরে ডানা মেলে দেয়া
কবুতরের পালকে,
রেখেছি সন্ধ্যা বেলির নিঝুম তলায়,
কখনো—
অরবিন্দ সরোবরে জোনাকির ঝাঁকে আর
আপন সত্তায় অবিরাম বেজে চলা
চরাচর মন্হিত গহন সুরে॥



