
শ্যামল বণিক অঞ্জন
নামটা না হয় বলেই দিও কোন একদিন
কোন গানের জলসায় কিম্বা কবিতা পাঠের আসরে।
দিগন্ত ছোঁয়া সবুজের সমারোহে দাঁড়িয়ে
কোন এক গোধুলী বেলায়—
নামটা না হয় বলে দিও নীড়ে ফেরা ক্লান্ত পাখি-
অথবা ঘামে ভেজা রাখালের কানে কানে।
স্বর্ণালী সন্ধ্যার নি:সঙ্গ ধ্রুবতারার দিকে তাকিয়ে,
রুপালী জ্যোৎস্নাধারার অবগাহণে মগ্ন হয়ে
চিৎকার করে বলে দিও সেই নামটি —
যে নামটি তুমি ঘৃণা ভরে লিখে রেখেছিলে
তোমার মনের ডায়েরিতে।



