ভারত

প্রয়াত প্রাক্তন সাংসদের মৃতদেহের সঙ্গে সেলফি হাসপাতাল কর্মীদের

রূপসী বাংলা ডেস্ক: সেলফি নেশায় বুঁদ আট থেকে আশি৷ সে নেশা এতটাই মারাত্মক হয়ে উঠেছে যে কখন কোথায় সেলফি তোলা উচিত সেই বোধবুদ্ধিটুকুও লোপ পেতে বসেছে৷ বুধবার গাড়ি দুর্ঘটনায় মারা যান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর জামাই নন্দমুরি হরিকৃষ্ণ৷ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখানে তাঁর মৃতদেহের সামনে সেলফি তুলতে দেখা গেল চার হাসপাতাল কর্মীকে৷ পরে অবশ্য সেলফি তোলার খেসারতও দিতে হয় তাদের৷ বিষয়টি সামনে আসার পরই তেলেঙ্গানার কামিনেনি হাসপাতাল কর্তৃপক্ষ ওই চার কর্মীকে বরখাস্ত করে৷

ছবিতে দেখা গিয়েছে এক ওয়ার্ড বয় মোবাইল ফোনে সেলফিটি তুলছেন৷ পিছনে বেডে প্রায় উলঙ্গ ও মৃত অবস্থায় পড়ে নন্দমুরি৷ দুই নার্স ও এক মহিলা কর্মী ক্যামেরার দিকে হাসিমুখে তাকিয়ে৷ জানা গিয়েছে, নন্দমুরির মৃত্যুর কয়েক ঘণ্টা পরই সেলফিটি তোলা৷ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই ওঠে সমালোচনার ঝড়৷ হাসপাতাল কর্মীদের কাণ্ডকারখানায় হতবাক নেটিজেনরা৷ শুরু হয় প্রতিবাদ৷ এরপরই ওই চার কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension