
তুহীন বিশ্বাস
আমার ক্ষুদ্র প্রাণের বিনিময়ে যদি শান্তির পায়রা ফিরে আসে-
তবে একটা বুলেটে কেড়ে নাও জীবন, খুলে দাও শান্তির দ্বার।
লাল রক্তে ভিজিয়ে দাও সকল অপবিত্র বিশ্রী মুখচ্ছবি,
প্রত্যাশিত মৃত্যু যন্ত্রণা উৎসর্গ করে দাও সকল অমানুষদের জন্য
বিদঘুটে আর্তচিৎকার পৌঁছে দাও কলঙ্কিত এই মানব সভ্যতায়,
তবুও অস্তমিত হোক অপশক্তির চিহ্ন, ছিন্নভিন্ন হোক প্রতারণার জাল।
অসংখ্য বুলেটের আঘাতে শরীর থেকে নির্গত রক্তে রঞ্জিত মাতৃভূমি
তরতাজা রক্তেই সূচনা হোক আগামী প্রজন্মের মসৃণ পথচলা;
পৃথিবীতে শেষ নিশ্বাস থেকে প্রতিষ্ঠিত হোক স্বস্তির অমিয় বাণী
আর গলিত প্রবাহিত মগজ থেকে উর্বর হোক প্রিয় জন্মভূমি,
শরীর থেকে বিচ্ছিন্ন মাংসপিণ্ড দূর থেকে জানিয়ে দিক, উপসংহারের কতটা মূল্য
আমার প্রস্থান থেকে শুরু হোক একটি নতুন সুন্দর বাংলাদেশের পথচলা।
তবুও কেন যেন আমরা-
জেনেশুনে বিষ পানে প্রতিনিয়ত নিজেকে ব্যস্ত রাখি সারাক্ষণ
একের পরে এক পদ্মাবতী ও দ্রুমিলের সেই অবৈধ কংস জন্মাই,
ধ্যান – জ্ঞান, মেধা ও মননের অস্তিত্ব হারিয়ে করি অনিষ্টের সঙ্গে বসবাস
অতঃপর স্বপ্নের ধ্বংস স্তূপে দাঁড়িয়ে স্বেচ্ছায় ডাকি সর্বনাশ।



