ভারতরাজনীতি

পশ্চিমবঙ্গ ও বিহারে কংগ্রেসের উপর বিজেপির হামলা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্যের জেরে শুক্রবার পশ্চিমবঙ্গ ও বিহারে কংগ্রেসের উপর বিজেপি হামলা চালিয়েছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অভিযোগ, শুক্রবার বিজেপি সমর্থকরা কলকাতায় তাদের প্রদেশ সদর দফতরে হামলা চালায়।পুলিশ অবশ্য ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে।

এদিকে, শুক্রবার পাটনার রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি। পাল্টা কংগ্রেস কর্মীরাও মাঠে নামতেই দুই শিবিরের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে দুই দলের কর্মীরা দলীয় পতাকা দিয়েই একে অপরকে মারছেন। কংগ্রেস নেতা পবন খেরা দাবি করেছেন, বিজেপি আসল ইস্যু থেকে নজর ঘোরাতেই এই ধরনের ‘অপ্রাসঙ্গিক’ বিতর্ক তুলছে। তিনি বলেন, ওই মন্তব্য তাদের (বিজেপির) নিজস্ব এজেন্টই করেছে। তারা কেবল একটি সমস্যা তৈরি করতে চায়, যাতে আমাদের যাত্রা থেকে মনোযোগ সরাতে পারে। তাদের চুরি ধরা পড়ে গিয়েছে, তাই তারা হতাশ। খুঁজে বের করুন যে কে সেই ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছে, সে কার লোক… জনগণ সবকিছু দেখছে, এবং পুরো দেশ বিজেপির গুন্ডামির সাক্ষী।

অন্যদিকে, কংগ্রেসের মুখপাত্র অসিত নাথ তিওয়ারি দাবি করেছেন, বিজেপিই বরাবর কটূক্তির রাজনীতি করে। তাঁর কথায়, ‘মানুষ এখন এনডিএ সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে। তবু আমরা চেষ্টা করি, যেন সভায় কেউ অশোভন মন্তব্য না করে। সিনিয়র কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেন, কংগ্রেসের কোনও ব্যক্তিই চাইবেন না যে প্রধানমন্ত্রী বা তাঁর পরিবারের বিরুদ্ধে অবমাননাকর কথা বলা হোক। এটা কংগ্রেসের সংস্কৃতি নয়।

বৃহস্পতিবার প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে উত্তেজনার সুত্রপাত। ‘ভোটচুরি’র অভিযোগে বিহারে দীর্ঘ ১৩০০ কিলোমিটার ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অভিযোগ, ‘ভোটার অধিকারের যাত্রা’ চলাকালীন দ্বারভাঙ্গায় কংগ্রেসের পতাকা গায়ে জড়ানো এক ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর মা’কে উদ্দেশ করে অশ্লীল মন্তব্য করেন। আর এই ঘটনার তীব্র নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশে ঘৃণার রাজনীতি শুরু করেছেন। শাহ বলেন,আমি রাহুল গান্ধীকে অনুরোধ করতে চাই যে তার যদি একটুও লজ্জা থাকে, তাহলে তাকে অবশ্যই মোদীজির কাছে, তার প্রয়াত মায়ের কাছে এবং এই দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। দ্বারভাঙ্গা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।

কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে এদিন বিজেপি সমর্থকরা রাকেশ সিংয়ের নেতৃত্বে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতারা। কংগ্রেস নেতারা বলেছেন, বিজেপি সমর্থকরা রাহুল গান্ধীর পোস্টারে কালো কালি লাগানো সহ অফিস এবং তাদের দলের নেতাদের প্রতিকৃতি ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছ’জন অভিযুক্ত বিজেপি সমর্থককে গ্রেফতার করেছে। রাজ্য কংগ্রেসের অভিযোগ অনুযায়ী পুলিশ তদন্তও শুরু করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension