
‘একাত্তরের জননী’ রমা চৌধুরীর প্রয়াণে নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের শোক প্রকাশ
রূপসী বাংলা ডেস্ক: একাত্তরের বীরমাতা, একজন আদর্শিক দেশ প্রেমিক, জীবন যুদ্ধে হার না মানা মুক্তিযোদ্ধা রমা চৌধুরী চলে গেলেন বীরের বেশে। তার এই প্রস্থানে গভীর শোক প্রকাশ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টার।
এক শোক বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষে সভাপতি ফাহিম রেজা নূর ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া জানান রমা চৌধুরী একাত্তরে পাক হানাদার বাহিনীর হাতে নিজের সম্ভ্রম হারানোর পাশাপাশি দুই পুত্রকেও হারান। পুড়িয়ে দেওয়া হয় তার ঘর-বাড়ি। তবুও হার মানেননি এ বীরাঙ্গনা। শুরু করেন নতুনভাবে পথচলা। লিখে ফেলেন একে একে ১৮টি বই। যে বাংলার মাটিতে শুইয়ে আছেন তার ছেলেরা, সেই মাটিতে জুতা না পড়ে, খালি পায়ে হেঁটে হেঁটে তিনি বিক্রি করতেন নিজের লেখা সেই মুক্তিযুদ্ধের বই। অন্যর দান বা করুনাকে – বিনয়ের সাথে প্রত্যাখ্যান করতেন এবং আত্মসম্মান নিয়ে চলতেন। আমরা এই বীরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি এবং তার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।



