
বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নিউইয়র্কে
রূপসী বাংলা ডেস্ক: সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে আল আকসা পার্টি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট এর সভাপতিত্বে নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান শাহ রন সভাটি উপস্হাপনায় ছিলেন। অবৈধ প্রধান মন্ত্রী শেখ হাছিনা জাতি সংঘের সাধারন অধিবেশনে যোগদান কালে বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে ঐক্যবদ্ধভাবে সাফল্যমণ্ডিত করতে ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন্সের নেতাকর্মীদের এখন থেকেই জনসংযোগ আরম্ভ করতে হবে বলে সভায় বক্তাগন অভিমত ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা স্বাগত বক্তব্য দেন এই সভায়। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় শুরুতে কোরান পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয় মমতাজউদ্দিনের নেতৃত্বে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, “শেখ হাসিনা এবং তার দলের জনপ্রিয়তা একেবারেই তলানীতে। এজন্যে তারা আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করছেন। কিন্তু এবার আর বিএনপি তাদেরকে খালি মাঠে গোল করতে দেবে না।”
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক অন্যতম সহ-সভাপতি সোলায়মান ভূইয়া বলেন, “বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে কারাগারে রেখে বাংলাদেশে কোন নির্বাচন হতে পারে না। তাকে মুক্ত করতে আন্তর্জাতিক চাপ বাড়াতে সকলকে কাজ করতে হবে।”
যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন বলেন, “আন্দোলন ছাড়া বেহায়া সরকারের পতন ঘটানো সম্ভব হবে না। আর এই আন্দোলন শুরু করতে হবে নিউ ইয়র্ক থেকে আন্তর্জাতিক লবিং জোরদারের মধ্য দিয়ে।” যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন বলেন, “শেখ হাসিনার অপশাসন আর দুঃশাসনের বিরুদ্ধে প্রবাসের যুব সমাজও আজ ঐক্যবদ্ধ। অতীতের মতো এবারও ঐক্যবদ্ধ শক্তির বিজয় অবশ্বম্ভাবী।”
সমাবেশে আরও বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক খলকুর রহমান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারন সম্পাদক কাউসার , ব্রুকলিন বিএনপির সহ-সভাপতি হুমায়ূন কবীর ও সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি, বিএনপি নেতা সোয়েব, ছাত্রনেতা ফাহিম শাকিল অপু, নাজিম চৌধুরী রিংকু।




