
মোশাররফ হোসেন
বড্ড ইচ্ছে করে আমার, জানো?
গাঁয়ের কোনো এক সোনা ফলা মাঠে, কৃষাণ হতে।
সবুজ শাড়িতে স্বর্ণলতা পায়ে, তুমি কৃষাণ বধূ।
যখন আমি হাল চাষে ব্যস্ত সকাল বেলায়,
নগ্ন পায়ে শিশির ভেজা দূর্বা ঘাস মাড়িয়ে,
আঁচলে ঢেকে ভাত, আর কলস ভরা পানি,
হাতে নিয়ে তুমি, থাকতে না হয় দাঁড়িয়ে।
গাছের পাতাকে ফাঁকি দিয়ে সকালের রোদ
চুপিচুপি উঁকি দিতো তোমার ভেজা চুলে।
দক্ষিণ বাতাসে দুলতো ধানের শীষ,
তুমিও কোমর দুলাতে হতে উৎসুক।
বড্ড ইচ্ছে করে আমার, জানো?
খোলা আকাশের নীচে গাছের ছায়াতলে বসে,
কাচের চুড়িতে সজ্জিত তোমার নরম হাতে,
লাউ তরকারি, ছোট মাছ আর শাক ভাজি খেতে।
ঘামে ভেজা শরীর, দিতে না হয় আঁচলে মুছে।
খেতে খেতে চুপিচুপি এঁকে দিতাম কপালে তোমার
কাদার নজর ফোঁটা।
গাছের ডালে বসে এক জোড়া ঘুম পাখি,
অপলক দৃষ্টিতে পাতার ফাঁকে দিতো উঁকি,
বসে পাশাপাশি, আমাদের দেখাদেখি।
খাইয়ে দিত দুজন দুজনারে ঠোঁটে রেখে ঠোঁট।
বড্ড ইচ্ছে করে আমার, কৃষাণ হতে,
আর তুমি কৃষাণ বধূ।



