
বাবু হক
রাতের ঘন কুয়াশায় ঢেকে যাই আমি
নিজেকে অশরীরী লাগে নিজের কাছেই
আমি কি মানুষ
আমি হাঁটলে আমার কি পদচিহ্ন পরে কোথাও!
নিশিথ এক্সপ্রেস ছুটে চলে
শীত কেটে কেটে সকালের সন্ধানে
পথ হাতরে স্টেশনে পৌঁছানোর
অপার বাসনায় আমি কড়া নাড়ি
কুয়াশার দরজায়।
রাতজাগা পাখি আমাকে দেখে
হাসে গল্প করে আঁধারের সাথে
আমি পাখি আর আঁধারের গল্প শুনি
নিমগ্ন ঘোরের ভিতর!
এলোমেলো পথ হাঁটি
ডানে বামে কিংবা বৃত্ত এঁকে বসে থাকি
তার ভিতর প্রশ্নহীন অলস বিশ্বাস নিয়ে।



