খেলাযুক্তরাষ্ট্র

ট্রাম্পের শান্তি পুরস্কার ঘিরে বিতর্ক তুঙ্গে, ফেঁসে যাচ্ছেন ইনফান্তিনো?

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেয়ায় ঝড় উঠেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে। তার বিরুদ্ধে অভিযোগ, ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম স্পষ্টভাবে ভঙ্গ করেছেন তিনি। আর এই অভিযোগেই তার বিরুদ্ধে তদন্তের দাবি করেছে মানবাধিকার সংগঠন ফেয়ারস্কয়ার। ইনফান্তিনোর প্রশংসা, সমর্থনমূলক মন্তব্য ও ট্রাম্পকে সম্মাননা প্রদান— সব মিলিয়ে বিতর্ক এখন তুঙ্গে। ফলে প্রশ্ন উঠেছে, ট্রাম্পকে পুরস্কার দিয়ে কি তবে ‘ফেঁসে’ যাচ্ছেন ইনফান্তিনো?

সংবাদমাধ্যম বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া ‘ফিফা পিস প্রাইজ’ রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার নিয়মের স্পষ্ট লঙ্ঘন বলে মানবাধিকার সংগঠন ফেয়ারস্কয়ার অভিযোগ করেছে। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে প্রথমবারের মতো এই পুরস্কার দেন ইনফান্তিনো। এ ছাড়া তিনি ট্রাম্পকে সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও বিভিন্ন সাক্ষাৎকারও দিয়েছেন।

ফেয়ারস্কয়ারের পাঠানো অভিযোগপত্রে বলা হয়েছে, ইনফান্তিনো ফিফার নিরপেক্ষতার নিয়ম চারটি ক্ষেত্রে ভঙ্গ করেছেন। অভিযোগপত্রে বলা হয়, ‘কোনও বর্তমান রাজনৈতিক নেতাকে এ ধরনের পুরস্কার দেয়া নিজেই ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নীতিমালার সুস্পষ্ট ব্যত্যয়’। আরও বলা হয়, ‘ফিফা প্রেসিডেন্ট এককভাবে সংস্থার লক্ষ্য, নীতি, দিকনির্দেশনা কিংবা মূল মূল্যবোধ নির্ধারণের অধিকার রাখেন না।’
পুরস্কার প্রদানের চমকপ্রদ সেই অনুষ্ঠানে ইনফান্তিনো ও ট্রাম্প পাশাপাশি দাঁড়িয়েছিলেন। আগামী বছর ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত হয় এ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই ট্রাম্পকে একটি বড় স্বর্ণখচিত ট্রফি, একটি পদক এবং সনদ তুলে দেন ইনফান্তিনো। তিনি অনুষ্ঠানে বলেন, ‘নেতার কাছ থেকে আমরা এটিই চাই,’ এবং ‘আপনি সবসময় আমার সমর্থন পাবেন, মিস্টার প্রেসিডেন্ট।’

এর আগে চলতি বছরের অক্টোবরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ইনফান্তিনো লিখেছিলেন, ট্রাম্প ‘নোবেল শান্তি পুরস্কারের যোগ্য’। পরে গত নভেম্বর মিয়ামির আমেরিকান বিজনেস ফোরামে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, (যুক্তরাষ্ট্রে) ট্রাম্প যা করছেন, আমাদের সবার তা সমর্থন করা উচিত, কারণ আমার মনে হয় সেটা বেশ ভালোই করা হচ্ছে।’

ফেয়ারস্কয়ার আরও অভিযোগ করেছে, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আমন্ত্রণ পাওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে ইনফান্তিনো ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানেও ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের প্রতি তার সমর্থনের ইঙ্গিত রয়েছে।

ফেয়ারস্কয়ারের প্রোগ্রাম ডিরেক্টর নিকোলাস ম্যাকগিহান বলেন, ‘এই অভিযোগ কেবল ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার প্রতি ইনফান্তিনোর সমর্থন নিয়ে নয়। আরও বড় ব্যাপার হলো, ফিফার অবাস্তব পরিচালন ব্যবস্থা ইনফান্তিনোকে সংগঠনের নিয়ম অমান্য করে এমনভাবে কাজ করার সুযোগ দিচ্ছে, যা বিপজ্জনক এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির স্বার্থের বিরোধী।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension