বাংলাদেশ

‘সংবিধানের কোথায় লেখা আছে জয় বাংলা বলা যাবে না’

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

শনিবার (২৫ এপ্রিল) রাজু ভাস্কর্যের পাদদেশে ‘নিপীড়নবিরোধী নাগরিক সমাজ’-এর ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আন্দোলনকারীরা ইমিকে অবিলম্বে মুক্তি দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় শামিল করার জোর দাবি জানান।

সমাবেশে জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখ এবং ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বর্তমান আইনি পরিস্থিতির ওপর প্রশ্ন তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দেশের সংবিধানের কোনো ধারায় বা অনুচ্ছেদে কি লেখা আছে যে ‘জয় বাংলা’ বলা যাবে না কিংবা ৭ মার্চের ভাষণ প্রচার করা যাবে না? যদি কোনো আইনে এগুলো নিষিদ্ধ থাকে, তবে আমি আমার বক্তব্য প্রত্যাহার করব। আর যদি এমন কোনো নিষেধাজ্ঞা না থাকে, তবে প্রতিবাদের স্বরে বলছি—আগামীকালই ইমি আপাকে মুক্তি দিতে হবে।’

নাহিদুল ইসলাম আরও যোগ করেন, ইমিকে মুক্ত করে এই রাজু ভাস্কর্য থেকেই তারা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এগিয়ে নিয়ে যেতে চান। কোনো প্রকার হয়রানিমূলক মামলায় একজন নারী নেত্রীকে আটকে রাখা বৈষম্যহীন সমাজ গঠনের অন্তরায় বলে মন্তব্য করেন তিনি। সমাবেশে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যক্তিদের মুক্তি দাবি করেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় শেখ তাসনিম আফরোজ ইমিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

‘স্লোগান ৭১’-এর সাবেক সাধারণ সম্পাদক ইমির অনুসারীরা মনে করছেন, রাজনৈতিক আদর্শের কারণে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। অনতিবিলম্বে তার মুক্তি না মিললে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সমাবেশের বক্তারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension