
শাহ্ জে. চৌধুরী । নিউইয়র্ক
বাংলাদেশ ডে প্যারেডকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে কুইন্সে অনুষ্ঠিত হলো স্পন্সর, কমিউনিটি নেতৃবৃন্দ এবং দেশি-বিদেশি তারকাদের অংশগ্রহণে এক বিশেষ “মিট অ্যান্ড গ্রিট” অনুষ্ঠান।
গতকাল সন্ধ্যায় কুইন্সের গুলশান টেরেস পার্টি হলে আয়োজিত এই বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডে প্যারেডের গ্র্যান্ড মার্শাল এম আজিজ, চেয়ারম্যান এটর্নি মঈন চৌধুরী, কনভেনর গিয়াস আহমেদ, মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলাইমানসহ আয়োজক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির পরিচিত মুখ জনাব শাহনেওয়াজ। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের একঝাঁক তারকা। উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইমন, জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, রিচি সোলাইমান, নওশীন, হিল্লোল, নোভা এবং জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্রদেবসহ আরও অনেক শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অন্যান্য অতিথি শিল্পীরা আজ নিউইয়র্কে এসে পৌঁছাবেন।
অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে পুরো আয়োজনটি কাভার করেন। এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে তারকা অতিথি ও স্পন্সরদের হাতে সম্মাননা স্মারক অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
এছাড়া উন্মোচন করা হয় বাংলাদেশ ডে প্যারেডের অফিসিয়াল থিম সং, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। বক্তারা তাদের বক্তব্যে আসন্ন প্যারেড সফল করতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়। পুরো আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
উল্লেখ্য, আগামী ১৭ই মে সকাল ৯টায় জ্যাকসন হাইটসে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হবে। আয়োজকরা কমিউনিটির সকল সদস্যকে এতে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানিয়েছেন।
ছবি: ফোটোসাংবাদিক নেহার সিদ্দিকী




















