
নিউইয়র্কে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা
হুমায়ূন কবীর ঢালী, নিউইয়র্ক
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে নিউইয়র্কে দোয়া ও আলোচনা সভা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। গত ২১ আগস্ট জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও শোক পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আইভী রহমানসহ ২৪ জন শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে বাংলাদেশের জাতীয় সংগীত ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও অতিথি পরিচিতি পর্বের পর বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হৃদয় মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল ও সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সেবুল মিয়া, যুবলীগ নেতা জুলফিকার আহমেদ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি জি আই রাসেল ও সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ হোসেন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এবং সাবেক হুইপ ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু।
বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনাপ্রবাহ ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। এনামুল হক শামীম নেতাকর্মীদের সব ধরনের মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নজরুল ইসলাম বাবু তাঁর বক্তব্যে ছাত্ররাজনীতি ও রাজপথের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ।
শেষে প্রবাসে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের আদর্শ ও দলীয় নেতৃত্বের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
ছবি



































