
অতিরিক্ত শিফটে গিয়েই আর ফেরা হলো না
নর’ইস্টারের তাণ্ডবে ব্রুকলিনে গাছচাপায় NYCHA কর্মীর মৃত্যু, ইস্ট নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা | কাজ শেষে পার্কিং লটে হাঁটার সময় গাছের অংশ ভেঙে পড়ে ৫৬ বছর বয়সী লেইটন ব্রাউনের ওপর
শাহ্ জে. চৌধুরী :
অতিরিক্ত শিফটে দায়িত্ব পালন করতে গিয়ে আর ঘরে ফেরা হলো না নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির (NYCHA) কর্মী লেইটন ব্রাউনের। শনিবার বিকেলে ব্রুকলিনের ইস্ট নিউ ইয়র্কের Cypress Hills Houses-এর পার্কিং লটে গাছের একটি বড় অংশ তার ওপর পড়ে তিনি নিহত হন।
৫৬ বছর বয়সী ব্রাউন NYCHA-এর মেইনটেন্যান্স সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। উদ্ধারকারীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নর’ইস্টারের সময় ঘটনাটি ঘটে; তবে ঝড়ের বাতাসই গাছটি ভেঙে পড়ার সরাসরি কারণ ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।
সহকর্মী ও বন্ধুদের ভাষ্য অনুযায়ী, ব্রাউন সেদিন অতিরিক্ত শিফটে কাজ করতে এসেছিলেন। নতুন পদে দায়িত্ব নেওয়ার আগে ওই কমপ্লেক্সে সেটিই ছিল তার শেষ সপ্তাহ।



