ভারত

আগস্টে ভারতে বিদেশি পর্যটক বেড়েছে ১০.৬%, শীর্ষে বাংলাদেশ

ভারতে গত আগস্টে বিদেশি পর্যটক আগমনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এই পর্যটক সংখ্যায় শীর্ষে ছিল বাংলাদেশ ও চীনের নাগরিকরা।

দেশটির পর্যটন মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাবে, আগের বছরের একই সময়ের তুলনায় পর্যটক আগমন বেড়েছে ১০ দশমিক ৬ শতাংশ। গত দুই বছরের বেশি সময়ের মধ্যে কোনো একক মাসে এটিই সর্বোচ্চ প্রবৃদ্ধি।
ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যের বরাতে রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু বিজনেসলাইন। তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ভারতে বিদেশি পর্যটক এসেছিলেন ৬ লাখ ২৫ হাজারের কিছু বেশি।

চলতি বছরের আগস্টে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৯১ হাজারে। পর্যটক আগমনের এই বৃদ্ধিতে বাংলাদেশের নাগরিকদের ভ্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগস্টে বাংলাদেশ থেকে ৭৪ হাজারের বেশি পর্যটক ভারতে গেছে। দুই দেশের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক টানাপড়েনের মধ্যেও এক বছরের ব্যবধানে বাংলাদেশি পর্যটকের সংখ্যা প্রায় ৮০ শতাংশ বেড়েছে।

ভারতের পর্যটন খাতে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ উৎসবাজার হিসেবে বিবেচিত হয়ে আসছে। ২০২৩ সাল পর্যন্ত দেশটিতে বিদেশি পর্যটক পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ছিল অন্যতম প্রধান দেশ। বাংলাদেশের পাশাপাশি চীন থেকেও ভারতে পর্যটক আগমন উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, আগস্টে চীন থেকে ভারতে আসা পর্যটকের সংখ্যা বার্ষিক হিসাবে দ্বিগুণেরও বেশি হয়েছে। এ সময়ে চীনা পর্যটকের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।

এ ছাড়া আগস্টে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে ভারতে পর্যটক আগমন প্রায় ৩ শতাংশ করে বেড়েছে। কানাডা, জার্মানি, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকেও পর্যটক আগমন বেড়েছে। এসব দেশের ক্ষেত্রে প্রবৃদ্ধির হার ছিল ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে। বাংলাদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধির প্রভাবে ফেব্রুয়ারি ২০২৪-এর পর প্রথমবারের মতো আগস্টে ভারতে বিদেশি পর্যটক আগমনে দুই অঙ্কের প্রবৃদ্ধি দেখা গেল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension