
সিগারেট ধরাতে দিয়াশলাই না দেওয়ায় যুবককে হত্যা
সিগারেট ধরাতে দিয়াশলাই দিতে না চাওয়ায় তুচ্ছ এক কথা কাটাকাটি থেকে চরম রক্তপাত হয়েছে ভারতের দিল্লিতে। উত্তর-পশ্চিম দিল্লির কেশব পুরম এলাকায় এক যুবকের কাছে সিগারেট জ্বালানোর জন্য দিয়াশলাই চাওয়া হয়েছিল। তিনি দিয়াশলাই নেই বলে তা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় তুমুল ঝগড়া।
ঝগড়ার একপর্যায়ে অভিযুক্তরা অতর্কিত হামলা চালিয়ে দুই যুবককে ছুরিকাঘাত করে। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ত্রিশ বছর বয়সি ভওয়ানি নামের এক যুবককে মৃত বলে ঘোষণা করেন। এই হামলায় আহত অপর যুবক আশা রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ঘটনার পর পরই দ্রুত পদক্ষেপ নিয়ে মূল অভিযুক্ত ১৯ বছর বয়সি নরেশ বাহাদুরসহ তার দুই সহযোগীকে আটক করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নরেশ নিজেই ছুরি দিয়ে দুই যুবকের ওপর হামলা চালিয়েছিল। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি ইতোমধ্যে উদ্ধার করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।
সূত্র: এনডিটিভি।



