ভারত

বোনকে হত্যার প্রতিশোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা

ইউটিউবার স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি ভারতে তেলেঙ্গানায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছেন। নিহত ব্যক্তি চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে জামিনে মুক্ত ছিলেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে রাস্তার পাশের খাবারের দোকানের কাছে ২৬ বছর বয়সী চিত্তারি হরিবাবু নামের ওই ব্যক্তির ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। স্থানীয় পুলিশ জানায়, গাড়িতে করে আসা তিন থেকে চারজন ব্যক্তির মধ্যে একজন নেমে ডাবের দা দিয়ে হরিবাবুর ঘাড় ও মাথায় কোপ দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিজামাবাদের গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ হামলাকারীদের ধরতে ব্যাপক অনুসন্ধান ও তদন্ত শুরু করেছে।

চলতি বছরের ১৭ মার্চ জগতিয়াল জেলায় চার মাসের অন্তঃসত্ত্বা ইউটিউবার গন্ধম বৈষ্ণবীর মৃতদেহ উদ্ধার করা হয়। অতিরিক্ত যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে বৈষ্ণবীর পরিবারের করা মামলায় গ্রেপ্তার হয়ে জুলাই মাসে জামিনে মুক্তি পান হরিবাবু।

এই হত্যাকাণ্ডের পেছনে বৈষ্ণবীর ভাই সন্তোষ জড়িত বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক সেলফি ভিডিওতে সন্তোষ খুনের দায় স্বীকার করে বলেন, ‘আমি আমার বোনকে খুন করা লোকটিকে হত্যা করেছি।’

ভিডিওতে সন্তোষ জানান, সরকারের বিচারের জন্য অপেক্ষা করেও কোনো ফল না পেয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। অন্য কাজে যাওয়ার পথে নিজামাবাদে হরিবাবুকে দেখতে পেয়ে তিনি এই আক্রমণ চালান। তিনি নিজের নিরাপত্তার জন্য অস্ত্র বহন করছিলেন বলে দাবি করেন এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলে জানান।

স্ত্রী ও সন্তান রয়েছে উল্লেখ করে মৃত্যুদণ্ড এড়াতে জনগণের সহযোগিতা চেয়েছেন সন্তোষ। তবে পুলিশ ভিডিওটির সত্যতা যাচাইয়ের কাজ চালাচ্ছে। গর্ভবতী নারী ও ইউটিউবার বৈষ্ণবী হত্যাকাণ্ডের পর এই প্রতিশোধমূলক খুনের ঘটনা পুরো তেলেঙ্গানায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সূত্র: এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension