
সারদা তদন্তে অর্ণব ঘোষকে তলব সিবিআইয়ের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ২০১৩ সালে সারদা কেলেঙ্কারি ফাঁস হয়, সে সময় বিধাননগর কমিশনারেটের ডিসি (ডিডি) ছিলেন অর্ণব ঘোষ। বর্তমানে মালদা জেলার পুলিশ সুপার পদে রয়েছেন তিঁনি৷ এবার তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই৷ অন্যদিকে মঙ্গলবার সারদা মামলার প্রথম তদন্তকারী অফিসার দেবব্রত বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷
সারদা গ্রুপের কর্ণধার সুদীপ্ত সেনকে যখন কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেফতার করা হয়, তখন আইও ছিলেন দেবব্রত বন্দ্যোপাধ্যায়। এর আগে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দু’বার নোটিস দিয়েছিল সিবিআই। অবশেষে অবসরপ্রাপ্ত দেবব্রতবাবু মঙ্গলবার সল্টলেকের সিবিআই দফতরে হাজিরা দেন৷ সূত্রের খবর, সারদা মামলা সংক্রান্ত বেশকিছু প্রশ্নের উত্তর পেতে তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই তদন্তকারী অফিসাররা৷ তাঁর বয়ানও রেকর্ড করে সিবিআই৷
অন্যদিকে সারদাকান্ড প্রকাশ্যে আসার পর রাজ্য সরকার সিট গঠন করে তদন্ত শুরু করে৷ তার নেতৃত্বে ছিলেন বর্তমান কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার। সে সময় বিধাননগর কমিশনারেটের ডিসি (ডিডি) ছিলেন অর্ণব ঘোষ।
সিবিআই সূত্রের খবর, অর্ণব ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সারদা কেলেঙ্কারির তদন্তের বিষয়ে বিভিন্ন খুঁটিনাটি জানতে চায় তদন্তকারী অফিসাররা। সারদাকান্ডে অনেক নথি এখনও অমিল। অর্ণব বাবুকে জিজ্ঞাসাবাদ করে সেসব ‘হারিয়ে যাওয়া’ নথির খোঁজ পেতে চায় সিবিআই।



