
সারমিন চৌধুরী
কুয়াশা মাখে হেমন্তে ভোরে চুপিচুপি
আসি তোমার হৃদয়ের উঠোনে,
চপল দুপায়ে হাঁটি দূর্বাঘাসের বুকে
হিমেল হাওয়া ছুঁয়ে যায় গোপনে।
সিক্ত হয় শতাব্দীর পিপাসিত বক্ষ
কামনী,শিউলী,মল্লিকার ঘ্রাণে,
দ্যাখ সবুজের বাতায়ন খুলে ডাকছে
তোমার উপস্থিতি বাজছে প্রাণে।
যে হেমন্তের গোপন কান্নার দাগ ধুয়ে
শিশির খুঁজে পাই তার পবিত্রতা,
আমার চোখের জল দিবানিশি ঝরে
তবু কেন ব্যথাতুর এই একাগ্রতা?
কোলাহল ছেড়ে নিমগ্ন বাসনা মনে
তুমিও খুলে দাও তালাবদ্ধ দুয়ার,
জড়িয়ে নাও শীত চাদরে খুব কাছেই
ভুলে অভিমানের সপ্ত পারাপার।



