
বিপুল চন্দ্র রায়
আমার শরীরের কলঙ্কের দাগ লেগেছে
আমি গরিব!
এই অভাবের সংসারে টাকার গন্ধ নেই,
আছে নুন-ভাতের অভাব।
আছে আত্মীয়তার অভাব।
লোকে এখন আর বিনা কারণে কথা বলে না,
কথা বললেও চোখে থাকে সন্দেহ
যদি কোনো কিছুর আবদার করি।
দূর থেকে দেখে পথ বদলায় ওরা,
যেন অভাব কোনো ছোঁয়াচে রোগ।
কিন্তু ভুল ভাবে ওরা!
আমি এমন নই কারো কাছে হাত পাতব।
যদি কখনো পিঠ ঠেকে যায় দেওয়ালে,
বাপ-দাদার ভিটেমাটি,
শেষ সম্বলটুকুও বিক্রি করে খাব,
প্রয়োজনে নিজের শরীরের রক্তটুকু বিক্রি করব
তবুও কারো করুণার কাছে মাথা নত করব না।
ঘোর বিপত্তি যদি এসেও, আমাকে নিঃস্ব করে দেয়,
শূন্য হাতেই লড়ে যাব,
তবুও আত্মসম্মানটুকু বিক্রি করব না।
অবশেষে স্ব-ইচ্ছায় মৃত্যুকে বরণ করব,
তবুও কারো কাছে ঋণী করো না, হে বিধি।
এই পৃথিবী আমি বুঝে গেছি—
টাকার কাছে হেরে যায় জীবনের সব আহ্লাদ, শখ।



