
অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি ভাইরাল হতেই ট্রোলড মহেশ ভাট
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সম্প্রতি মহেশ ভাটের জন্মদিন উপলক্ষে ‘সড়ক টু’ এর ঘোষণা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ তারপর থেকেই দর্শকরা বেশ উৎসাহিত হয়ে উঠেছে সিক্যুয়েলটি নিয়ে৷ এই খুশির রেশ কাটতে না কাটতেই ট্রোলিংয়ের তোপে পড়লেন মহেশ ভাট৷ সমস্ত সমস্যা শুরু হয় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে৷ মহেশ ভাটের সঙ্গে কয়েকটি ছবি দিয়ে বার্থডে উইশ করেছিলেন রিয়া৷ যেখানে বেশ ঘনিষ্ঠ ভাবে পোজ দিয়েছিলেন মহেশ ভাটের সঙ্গে৷
“বিগ বসের নেশা চারিদিকে ছড়িয়ে গিয়েছে৷ অনুপ জালোটার পথেই হাঁটছে সবাই৷” অনুপ জালোটার সঙ্গে মহেশের তুলনা করা হয়েছে৷ “জোয়ান ছেলের অভাব হয়েছিল, শেষমেশ মহেশ ভাটের সঙ্গে প্রেম করছ রিয়া?” এই ধরণের নানা কমেন্টে ভরতে শুরু করেছে রিয়ার পোস্ট৷ অতিরিক্ত নিম্ন মানসিকতার পরিচয় দিয়ে নেটিজেনরা ট্রোল করেছেন মহেশ ভাট এবং রিয়া চক্রবর্তীকে৷ অনেকে রিয়ার ইনস্টাগ্রাম পোস্টের ছবিগুলির থেকেও ক্যাপশনেই বেশি সন্দেহর গন্ধ পেয়েছে৷ ক্যাপশনে রিয়া, মহেশের সম্বন্ধে সাধারণ কিছু কথা লিখলেও সাইবার উইজাররা কটাক্ষ করেছে রিয়াকে৷ অনুমান করেছে রিয়া এবং মহেশ রিলেশনশিপে রয়েছে৷
মহেশ ভাটের প্রযোজনায় কাজ করেছেন রিয়া৷ ‘জালেবি’র মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি৷ সেখান থেকেই মহেশ ভাটের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়৷ প্রসঙ্গত, দীর্ঘ ১৯ বছর পর পরিচালনায় ফিরছেন মহেশ ভাট৷ আর তাঁর ক্যামেরার সামনে থাকছেন তাঁরই মেয়ে আলিয়া ভাট৷ সদ্য মুক্তি পেয়েছে ‘সড়ক টু’ এর লোগো৷ ‘সড়ক’এর রিমেকে থাকছেন প্রিক্যুয়েলের স্টারকাস্ট৷ সঞ্জয় দত্ত এবং পুজা ভাটও অভিনয় করবেন ছবিতে৷
অন্যদিকে মুখ্য ভূমিকায় থাকছেন আলিয়া ভাট এবং আদিত্য রায় কাপুর৷ ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল ‘সড়ক’৷ ট্যাক্সিচালকের ভূমিকায় ছিলেন সঞ্জয়৷ পতিতালয় থেকে পালিয়ে বেড়াচ্ছে তার প্রেমিকা৷ তাকে সমাজের কুনজর থেকে বাঁচানোর জন্য নিজের প্রাণটুকু উজার করে দিতে রাজি সে৷৫ ই মার্চ ২০২০ তে মুক্তি পাবে ‘সড়ক টু৷’ এই প্রথমবার আলিয়াকে ডিরেক্ট করবেন মহেশ ভাট৷
মহেশ ভাটের জন্মদিনে আলিয়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “তোমার জন্মদিনে তুমি আমায় সেরা উপহার দিলে বাবা৷ তোমার পরিচালনায় প্রথমবার কাজ করতে চলেছি আমি৷ ‘সড়ক টু’ আমার কাছে স্বপ্নের মতো৷ ভেবেছিলাম কখনও সম্ভব হবে না৷ কিন্তু তুমি সেই স্বপ্ন সত্যি করে দেখালে৷ তোমাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি৷”



