কবিতাসাহিত্য

কবিতা শ্রমিক

সজীম শাইন

আমাকে কবি বলো না, আমি আসলে শ্রমিক।

তোমরা যারা ইট ভাঙো রোদে পুড়ে,
আমিও তেমন শব্দ ভাঙি কলম দিয়ে।
তোমরা ঘর্মাক্ত শার্ট গায়ে বাড়ি ফেরো,
আমিও ফিরি, বুকের মাঝে ক’টা অপ্রকাশিত পংক্তি নিয়ে।

আমি কোনো রাজপ্রাসাদের কবি নই,
আমি তোমাদের মতো —
ভোরে উঠি, বাজারে গিয়ে কেনাকাটা করি,
বাসে বানরের মতো ঝুলি,
আর সেই ভিড়ের মধ্যেই দু’-একটি পংক্তি কুড়িয়ে তুলি।

তোমরা ভাবো, কবিতা খুব সহজ!
দু’টো সুন্দর কথা জুড়ে দিলেই হয়!
না, কবিতা বানানো দেয়ালে ইট গাঁথার চেয়েও কঠিন,
একটা যুতসই শব্দ খুঁজতে কখনো কখনো
একটা জীবন লেগে যায়।

আমার কোনো ছুটি নেই।
ঈদের দিনও আমাকে কাজ করতে হয়।
কাজে যেতে গিয়ে যখন দেখি —
একটা অনাথ শিশু নতুন জামা না পেয়ে কাঁদছে,
তার কান্নাটাই আমার কানে কবিতা হয়ে বাজে।

আমি প্রেমের কবিতা লিখি না,
দ্রোহের প্রতি আমার টান,
আমি লিখি চাল-ডাল, তেল-মরিচের দাম বেড়ে যাওয়ার কবিতা,
রিকশাওয়ালার ছেঁড়া স্যান্ডেলের ইতিকথা,
মাঝরাতে গার্মেন্টস থেকে ফেরা মেয়েটার
ভয়ার্ত চোখের কবিতা।
ধর্ষিতা মেয়ের আর্তনাদ আমার কবিতার বয়ান।

তোমরা বলো — এতে টাকা আছে?
আমার তখন হাসি পায়।
শ্রমিকের কাজে কবে টাকা ছিল?
শ্রমিকের কাজে থাকে শুধু একটা জেদ —
দেয়ালটা যেন সোজা হয়ে দাঁড়ায়।

আমিও দেখতে চাই,
আমার একটা কবিতা যেন প্রাচীর হয়ে দাঁড়ায়,
কোনো অসহায় মানুষের কাঁধে হাত রেখে
ফিসফিস করে বলে —

“ভয় নেই, আমি তো আছি।”

আমাকে কবি বলে লজ্জা দিও না,
আমি তো কবিতার শ্রমিক,
শব্দের কারখানায় আমার রাত-দিন যায়,
আমি শ্রমের প্রেমিক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension