মুক্তমত

জীবনের মূল্য, কৃতজ্ঞতা আর মানবতার আলো

শাহ্ জে. চৌধুরী

সৃষ্টিকর্তা আমাদের জীবন দিয়েছেন, দিয়েছেন আলোয় ভরা এক সুন্দর পৃথিবী। দিয়েছেন দেখার চোখ, অনুভব করার হৃদয়, চলার শক্তি আর স্বপ্ন দেখার অসীম ক্ষমতা। অথচ এতসব প্রাপ্তির মাঝেও আমরা কত সহজে ভুলে যাই—আমরা আসলে কতটা সৌভাগ্যবান!

আজ সকালে নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় চলার পথে একটি ছোট্ট ঘটনা আমার মনকে গভীরভাবে নাড়া দিয়েছে। ঘটনাটি হয়তো সাধারণ, কিন্তু এর মধ্যেই লুকিয়ে ছিল জীবনের কিছু অসাধারণ উপলব্ধি।

জ্যামাইকা অ্যাভিনিউ ও ফ্রান্সিস লুইস বুলেভার্ডের কর্নার অতিক্রম করার সময় হঠাৎ চোখে পড়ল একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন। তিনি বেশ অসহায়ভাবে রাস্তার মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। চারপাশে অসংখ্য মানুষের চলাচল, যানবাহনের ব্যস্ততা। অনেকের চোখেই দৃশ্যটি পড়ছিল, অথচ কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসছিলেন না।

দৃশ্যটি দেখে আর স্থির থাকতে পারলাম না। গাড়িটি রাস্তার একপাশে পার্ক করে দ্রুত তাঁর কাছে এগিয়ে গেলাম। বিনয়ের সঙ্গে জানতে চাইলাম, তিনি কোথায় যেতে চান। তিনি একটি বারবার শপে যাওয়ার কথা জানালেন। এরপর তাঁর হাত ধরে রাস্তা পার হতে সাহায্য করলাম এবং নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিলাম।

কাজটি করতে খুব বেশি সময় লাগেনি। কোনো অসাধারণ উদ্যোগও ছিল না; একজন মানুষের প্রয়োজনে আরেকজন মানুষ হিসেবে পাশে দাঁড়িয়েছিলাম মাত্র। কিন্তু ফিরে আসার পর ঘটনাটি বারবার মনে পড়তে লাগল। নিজের জীবনের অসংখ্য প্রাপ্তি নিয়ে নতুন করে ভাবতে শুরু করলাম।

যে চোখ দিয়ে আমরা পৃথিবীর সৌন্দর্য দেখি, প্রিয়জনের মুখ দেখি, আকাশের রং দেখি—সেই চোখের জন্য কি কখনো যথেষ্ট কৃতজ্ঞতা জানাই? যে পা আমাদের পথ চলতে সাহায্য করে, যে শরীর আমাদের কর্মক্ষম রাখে, সেসব অমূল্য নিয়ামতের প্রকৃত মূল্য কি আমরা বুঝি?

আমাদের চাওয়ার শেষ নেই। অন্যের ভালো থাকা দেখে কখনো অস্বস্তি হয়, অন্যের সাফল্যে ঈর্ষার জন্ম নেয়। নিজেদের প্রাপ্তিগুলো ভুলে গিয়ে আমরা অপ্রাপ্তির হিসাব কষতে থাকি। অথচ একটু গভীরভাবে তাকালেই বুঝতে পারি, আমাদের প্রতিদিনের স্বাভাবিক জীবনটুকুও অনেকের কাছে এক একটি অপূর্ণ স্বপ্ন।

জীবন কেবল পাওয়ার নাম নয়, উপলব্ধিরও নাম। কৃতজ্ঞতা শুধু মুখের উচ্চারণ নয়, এটি হৃদয়ের সৌন্দর্য। আর মানবিকতা বড় কোনো অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; কখনো একজন বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই হতে পারে মানবতার সবচেয়ে সুন্দর প্রকাশ।

আজকের এই ছোট্ট ঘটনা আমাকে মনে করিয়ে দিল—সুখী হতে পৃথিবীর সবকিছু অর্জন করতে হয় না; বরং যা পেয়েছি, তার মূল্য বুঝতে শেখাই জীবনের অন্যতম বড় শিক্ষা।

সৃষ্টিকর্তার কাছে আজ আমার একটাই প্রার্থনা—

হে মহান সৃষ্টিকর্তা, আমাদের প্রাপ্তির জন্য কৃতজ্ঞ থাকার মন দাও, অন্যের কষ্ট অনুভব করার মতো কোমল হৃদয় দাও। অহংকারের বদলে বিনয়, ঈর্ষার বদলে সহমর্মিতা আর বিদ্বেষের বদলে ভালোবাসা ধারণ করার শক্তি দাও। এমন মানুষ হিসেবে গড়ে তোলো, যেন নিজের পথচলার পাশাপাশি অন্যের পথটুকুও একটু সহজ করে দিতে পারি।

কারণ জীবনের শেষ অধ্যায়ে সম্পদ, প্রতিপত্তি কিংবা অর্জনের চেয়েও বড় হয়ে ওঠে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, রেখে যাওয়া কিছু ভালো কাজ আর কারও স্মৃতিতে বেঁচে থাকার মতো মানবিকতা।

জীবন কতটা সুন্দর ছিল, তার চেয়েও বড় প্রশ্ন—আমরা সেই জীবন দিয়ে কতটা সুন্দর মানুষ হতে পেরেছি?

ভালো থাকবেন, ভালোবাসবেন।

শাহ’র লেখালেখি | শব্দের আশ্রয়ে যাত্রা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension