
ব্রুকলিনে ভবন ধসে নিহত ২, আহত ১৭
ফ্ল্যাটবুশে তিনতলা ভবন ধস; ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে রাতভর অভিযান, তদন্তে নগর কর্তৃপক্ষ
হোসনেআরা চৌধুরী
নিউইয়র্কের ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় একটি তিনতলা ভবন ধসে অন্তত দুইজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সাত শিশুসহ মোট ১৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট (FDNY)। একজন ফায়ারফাইটারও সামান্য আহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার কিছু পর ফ্ল্যাটবুশ অ্যাভিনিউ ও বেডফোর্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলের কাছে ১৩২১ ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের তিনতলা ভবনটি পাশের ২৬২৫ বেডফোর্ড অ্যাভিনিউয়ের নির্মাণাধীন স্থানের দিকে ধসে পড়ে। ভবনটির নিচতলায় ব্যবসাপ্রতিষ্ঠান এবং ওপরের তলাগুলোতে আবাসিক ইউনিট ছিল।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে FDNY, পুলিশ ও জরুরি বিভাগের সদস্যরা। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে শত শত উদ্ধারকর্মী কাজ করছেন। উদ্ধার অভিযানে ড্রোন, প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর এবং বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। ধসে পড়া ভবনের পাশের আরেকটি ভবনের দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে ভেতরের কক্ষগুলো বাইরে থেকে দৃশ্যমান হয়ে পড়ে।
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় পাশের নির্মাণস্থলে মাটি খননের কাজ চলছিল। তবে এই খননকাজের সঙ্গে ভবন ধসের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (DOB) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। আশপাশের ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তাও পরীক্ষা করা হচ্ছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘটনাস্থল পরিদর্শন ও সংবাদ সম্মেলনে ঘটনাটিকে ভয়াবহ বিপর্যয় হিসেবে উল্লেখ করেন। তিনি উদ্ধারকাজে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার কথা জানান এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।
এদিকে, দুর্ঘটনার কারণে কয়েকটি পরিবারের বাসিন্দা সাময়িকভাবে বাসস্থান হারিয়েছেন। তাদের জন্য আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করছে নগর কর্তৃপক্ষ।
উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও পরিবর্তিত হতে পারে।



