ভারত

ভারতের ভিসা নিয়ে সুখবর, ডিসেম্বরে কার্যকর নতুন নিয়ম

বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও সংক্ষিপ্ত করতে ভিসার ধরন কমিয়ে ৯টিতে নামিয়েছে ভারত সরকার। একই সঙ্গে ভিসার উপশ্রেণি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ নতুন শ্রেণিবিন্যাস অনুযায়ী ভিসা দেওয়া শুরু হবে।

গত বুধবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৭ আগস্ট ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমএইচএ) ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করার সিদ্ধান্ত নেয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসার প্রধান শ্রেণি ২২টি থেকে কমিয়ে ১৩টি এবং উপশ্রেণি ৬৩টি থেকে কমিয়ে ৪৯টি করা হয়েছিল।

নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের তথ্যপ্রযুক্তি ব্যবস্থার হালনাগাদ করছে। চলতি বছরের শেষ নাগাদ সংশোধিত শ্রেণিবিন্যাস অনুযায়ী ভিসা দেওয়া হবে।

ভারত সরকার জানিয়েছে, উন্নত দেশগুলোর ভিসাব্যবস্থা ও আন্তর্জাতিক মান পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভ্রমণের একই ধরনের উদ্দেশ্যগুলোকে একীভূত করার মাধ্যমে ভিসার ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া এবং বিদেশি নাগরিকদের জন্য উপযুক্ত ভিসা নির্বাচন সহজ করাই এর লক্ষ্য।

বর্তমানে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থার আওতায় ১৩টি উপশ্রেণিতে ই-ভিসা দেওয়া হয়। বিশ্বের ১৭২টি দেশের নাগরিকদের জন্য এ সুবিধা চালু রয়েছে।

নতুন ব্যবস্থায় আগের ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে ভিজিটর ভিসা করা হয়েছে। প্রচলিত পর্যটনের বাইরেও বিভিন্ন উদ্দেশ্যে ভ্রমণের সুযোগ বিবেচনায় নিয়ে এ পরিবর্তন আনা হয়েছে। এ ভিসাকে ভি-১ ও ভি-২ নামে দুটি উপশ্রেণিতে ভাগ করা হয়েছে। এতে আবেদনকারীরা তাদের ভ্রমণের উদ্দেশ্য ও সময়কাল অনুযায়ী উপযুক্ত ভিসা বেছে নিতে পারবেন।

মেডিকেল ভিসার ক্ষেত্রে প্রচলিত চিকিৎসাপদ্ধতি ও আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। এম-১ ও এম-৩ ভিসা এবং এর ই-ভিসা সংস্করণ সাধারণত এক বছরের জন্য দেওয়া হবে। এসব ভিসায় একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।

শিক্ষার্থী ভিসার ক্ষেত্রেও উপশ্রেণি কমিয়ে দুটি করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবেন।

অন্যদিকে এস-২ ভিসার আওতায় পিএইচডি ও গবেষক শিক্ষার্থী, ভারতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত অতিথি শিক্ষক, গবেষণার জন্য ভারতে আসা বিদেশি শিক্ষার্থী, বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক গবেষণা অভিযানে অংশগ্রহণকারী, ইন্টার্ন এবং বিনিময় কর্মসূচির শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ব্যবসায়িক ভিসার ক্ষেত্রেও দুটি উপশ্রেণি করা হয়েছে। বি-১ ভিসার আওতায় দীর্ঘমেয়াদি ও লাইসেন্সভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে। ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী বিদেশি নাগরিকরাও এ ভিসার আওতায় পড়বেন।

অন্যদিকে বি-২ ভিসা দেওয়া হবে স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের জন্য। এর আওতায় উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসা, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension