নিউ ইয়র্কপ্রবাস

হেলাল খানের বিরুদ্ধে ১২ লাখ ডলারের আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

ফার্স্ট এইড হোম কেয়ারের নামে অননুমোদিত ঋণ গ্রহণের অভিযোগ, আট অংশীদারের অর্থ পরিশোধের তথ্য আইনি নথিতে

নিজস্ব সংবাদদাতা | নিউইয়র্ক

নিউইয়র্কভিত্তিক ফার্স্ট এইড হোম কেয়ার ইনকর্পোরেটেডের (1st Aide Home Care, Inc.) আর্থিক লেনদেন নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির অংশীদার ও বিনিয়োগকারী হেলাল খানের বিরুদ্ধে। কোম্পানির নামে অন্য অংশীদারদের অনুমোদন ছাড়া বিপুল অঙ্কের ঋণ গ্রহণ এবং সেই অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগের বিবরণ উঠে এসেছে একটি স্বাক্ষরিত প্রমিসরি নোটে (Promissory Note)।

২০২৫ সালের ১৬ জানুয়ারি সম্পাদিত ওই নথি অনুযায়ী, হেলাল খান ২০২৪ সালের ৬ আগস্ট লিবের্টাস ফান্ডিং এলএলসি (Libertas Funding, LLC) থেকে ৭ লাখ ৪২ হাজার ৫০০ ডলার এবং একই বছরের ২৪ সেপ্টেম্বর স্যামসন এমসিএ এলএলসি (Samson MCA LLC) থেকে ৫ লাখ ডলার ক্যাশ অ্যাডভান্স বা ঋণ গ্রহণ করেন। অভিযোগ অনুযায়ী, এসব ঋণ গ্রহণের ক্ষেত্রে কোম্পানির শেয়ারহোল্ডার চুক্তি অনুসরণ করা হয়নি এবং অন্যান্য অংশীদার বা বিনিয়োগকারীদের প্রয়োজনীয় কর্পোরেট অনুমোদন ও সম্মতি নেওয়া হয়নি। আরও অভিযোগ করা হয়েছে, ঋণের অর্থ কোম্পানির ব্যবসায়িক কাজে ব্যয় না করে ব্যক্তিগত ব্যবহারে নেওয়া হয়।

নথিতে উল্লেখ রয়েছে, এসব ঋণের দায় থেকে প্রতিষ্ঠানকে মুক্ত করা এবং আর্থিক দায় নিষ্পত্তির লক্ষ্যে আটজন অংশীদার ও বিনিয়োগকারী যৌথভাবে ১২ লাখ ডলার পরিশোধ করেন। তাঁরা হলেন—তসমিয়া এফ. আহমেদ, আতিকুল ইসলাম, নাহিদ আহমেদ, ফাহাদ আর. সোলায়মান, শাহ জে. চৌধুরী, রুকন হাকিম, মোহাম্মদ রেজু এবং মোহাম্মদ আল আমিন মিয়ান।

পরবর্তীতে পরিশোধিত অর্থ পুনরুদ্ধারের উদ্দেশ্যে হেলাল খানের ওপর ১০ লাখ ৫০০ ডলারের দেনা নির্ধারণ করে একটি চুক্তি সম্পাদন করা হয়। চুক্তিতে ফার্স্ট এইড হোম কেয়ারের স্টক ক্রয়-বিক্রয় চুক্তি (Stock Purchase Agreement—SPA) অনুযায়ী কোম্পানির বিক্রয়লব্ধ আয়ে হেলাল খানের আনুপাতিক অংশের অধিকার পাওনাদারদের অনুকূলে হস্তান্তরের শর্তও অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, হেলাল খানকে ২০২৫ সালের ১৬ জুনের মধ্যে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে সম্পূর্ণ অর্থ পরিশোধ করার কথা ছিল। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধে ব্যর্থ হলে বকেয়া অর্থের ওপর বার্ষিক ১০ শতাংশ হারে সুদ বা বিলম্বজনিত চার্জ প্রযোজ্য হওয়ার বিধান রাখা হয়েছে।

এ ছাড়া চুক্তির শর্ত ভঙ্গ হলে পাওনাদাররা কোনো পূর্ব নোটিশ ছাড়াই চুক্তিতে নির্ধারিত শর্ত অনুযায়ী বকেয়া অর্থ এককালীন দাবি এবং দেনাদারের সম্পদ, ব্যাংক হিসাব ও ভবিষ্যৎ আয়ের ওপর আইনসম্মত প্রতিকার চাওয়ার অধিকার সংরক্ষণ করেছেন বলে নথিতে উল্লেখ রয়েছে।

চুক্তিতে আরও বলা হয়েছে, হেলাল খান ভবিষ্যতে ফার্স্ট এইড হোম কেয়ার ইনকর্পোরেটেডের নাম, লোগো, কর্পোরেট তথ্য কিংবা ব্যাংক অ্যাকাউন্ট অননুমোদিতভাবে ব্যবহার করলে তা চুক্তির শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

নথিটি নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইন অনুযায়ী পরিচালিত হবে এবং এ-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কুইন্স কাউন্টির আদালতের এখতিয়ার উল্লেখ করা হয়েছে। এতে নোটারি পাবলিক ন্যাটালি গুরিনের উপস্থিতিতে হেলাল খানের স্বাক্ষরের কথাও রয়েছে।

উল্লেখ্য, চুক্তিতে অর্থ পরিশোধের নির্ধারিত তারিখ ১৬ জুন ২০২৫ উল্লেখ থাকলেও পরবর্তী সময়ে অর্থ পরিশোধ হয়েছে কি না, সে বিষয়ে এই নথি থেকে নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে অভিযোগগুলোর বিষয়ে হেলাল খানের বক্তব্য এবং এ-সংক্রান্ত কোনো আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের তথ্যও এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি।

আর্থিক লেনদেন, অংশীদারদের দায় এবং কোম্পানির মালিকানা-সংক্রান্ত এই বিরোধের পূর্ণাঙ্গ চিত্র জানতে সংশ্লিষ্ট মূল চুক্তি, অর্থ পরিশোধের প্রমাণ এবং উভয় পক্ষের বক্তব্য যাচাই করা প্রয়োজন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension