
আরব আমিরাতের রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে সোমালিয়া ছাড়ার নির্দেশ
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে সোমালিয়া। একই সঙ্গে আবুধাবি থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নিয়েছে দেশটি। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে সোমালিয়া। বিষয়টিকে ‘প্রকাশ্য আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে দেশটি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত বিবৃতিতে তথ্যমন্ত্রী আবদিফাতাহ কাসিম মোহামুদ বলেন, ‘সোমালিয়ার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের এই আগ্রাসনে যে বা যারাই সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমালিয়ার সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভূখণ্ড ও ঐক্যের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের এই প্রকাশ্য আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং ঐক্যবদ্ধ হতে সব সোমালি নাগরিকের প্রতি আহ্বান জানানো হচ্ছে।’
তবে ঠিক কোন ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রদূতকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মোহামুদ।
এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করার জন্য সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দেশটির আঞ্চলিক সরকারগুলোকে অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা দেয়ার অভিযোগ তুলেছিলেন প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ।
সোমালিয়া ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্যমতে, প্রেসিডেন্ট মোহামুদ জানিয়েছেন, আবুধাবি কেন্দ্রীয় সরকারের কোনও অনুমোদন ছাড়াই আঞ্চলিক প্রশাসনের সঙ্গে বারবেরা, বোসাসো এবং কিসমায়ো বন্দর-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে।
তিনি আরও অভিযোগ করেন, সোমালি সেনাবাহিনী যখন সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে লড়াই করছে, ঠিক সেই সময়ে দেশটির জাতীয় কমান্ডের বাইরে সামরিক ঘাঁটি ও বাহিনী গঠনে সহায়তা করেছে আমিরাত। পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ বিরোধ উসকে দিতে রাজনৈতিক ও আর্থিক মদদ দেয়ারও অভিযোগ আনেন তিনি।



