আন্তর্জাতিক

জাতিসংঘের বিশেষজ্ঞকে ঢুকতে দিল না কোস্টারিকা, বিমানবন্দরে কাটালেন দুই রাত

ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করা জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজকে দেশে প্রবেশ করতে দেয়নি কোস্টারিকা। ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার’ অভিযোগে তার প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিতে গিয়ে দেশটির বিমানবন্দরে দুই রাত কাটাতে হয়েছে তাকে।

এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো কোস্টারিকা সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্কও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য কোস্টারিকার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে কোস্টারিকার রাজধানী সান হোসেতে পৌঁছানোর পর দেশটির অভিবাসন কর্তৃপক্ষ আলবানিজকে প্রবেশের অনুমতি দেয়নি। পরে শনিবার তিনি মেক্সিকোর উদ্দেশে দেশটি ছাড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলবানিজ লেখেন, ‘আপাতত বিদায়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কোস্টারিকা আবার স্বাধীন হলে ফিরে আসব।’

বিমানবন্দরে বসেই গ্রহণ করলেন ডিগ্রি

মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে কোস্টারিকা বিশ্ববিদ্যালয় আলবানিজকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সেই ডিগ্রি গ্রহণ করতেই সান হোসেতে গিয়েছিলেন তিনি।

তবে প্রবেশে বাধা দেওয়ায় সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। পরে বিমানবন্দর থেকে ভিডিও সংযোগের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন তিনি। জুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালের মেঝেতে বসেই বক্তব্য দেন আলবানিজ।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বড় পর্দায় তার বক্তব্য দেখানো হয়। এ সময় উপস্থিত দর্শক ও অতিথিরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

বক্তব্যে আলবানিজ বলেন, ‘কোস্টারিকা সরকার আমার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক রয়েছে বলে মিথ্যা তথ্য ছড়িয়েছে। এতে আমি গভীরভাবে ক্ষুব্ধ।’

তিনি আরও বলেন, ‘একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই—মানবাধিকার রক্ষা করা কোনো সন্ত্রাসবাদ নয়।’

কী অভিযোগে প্রবেশে বাধা?

বৃহস্পতিবার রাতে কোস্টারিকার অভিবাসন বিভাগের প্রধান ওমর বাদিলা এক ভিডিও বার্তায় আলবানিজের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আলবানিজের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক সতর্কতা রয়েছে। এ কারণেই তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

তবে অভিযোগের পক্ষে কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ প্রকাশ করেননি তিনি।

ইতালীয় আইনজীবী আলবানিজ তার বিরুদ্ধে আনা এ অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন।

অন্যদিকে, জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন কোস্টারিকার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি আলবানিজের বিরুদ্ধে ইসরাইলকে নিয়ে ‘জঘন্য অপপ্রচার’ চালানো এবং সন্ত্রাসী সংগঠনগুলোকে বৈধতা দেওয়ার অভিযোগ তোলেন।

ফ্রান্সেসকা আলবানিজ ২০২২ সাল থেকে ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলগুলোর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ দূত বা স্পেশাল র‌্যাপোর্টিয়ারের দায়িত্ব পালন করছেন। এ পদে দায়িত্ব পাওয়া প্রথম নারী তিনি।

জাতিসংঘের বিশেষ দূতেরা সংস্থাটির হয়ে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। তবে তারা জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন।

গাজায় ইসরাইলের সামরিক কর্মকাণ্ডের কঠোর সমালোচক হিসেবে পরিচিত আলবানিজ। তার অবস্থানকে ইসরাইলবিরোধী পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে বিভিন্ন সময়ে তাকে দায়িত্ব থেকে সরানোর দাবিও উঠেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে হামলার বিষয়ে তার কিছু মন্তব্যের পর ২০২৪ সালের শুরুর দিকে তার ইসরাইলে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

তথ্যসূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension