
হাসিবুর রহমান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে জোট গড়ে তোলায় বিএনপি জনবিচ্ছিন্নদের সঙ্গে হাত মিলিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী রীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আরম হানিফ। বৃহস্পতিবারে রাজধানীর শাহবাগে আওয়ামী লীগের গণসংযোগে গিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
হানিফ বলেন, রাজনীতিতে যারা জনবিচ্ছিন্ন তারা মিলে যুক্তফ্রন্টের নামে জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে। আর বিএনপি এই জনবিচ্ছিন্নদের সঙ্গে হাত মিলিয়েছে। এই জনবিচ্ছিন্নদের সঙ্গে হাত মেলানোর একমাত্র কারণ হল ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচাল করা।
বিএনপির সাত দফা দাবির বিষয়ে হানিফ বলেন, আপনারা ৭ দফা দেন আর যাই কিছু করেন না কেন, নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়েই হবে। বাংলার মানুষ সঠিক সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন চায়। সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।
এছাড়ারাও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল রাজধানীর অন্যান্য জায়গায় জনসংযোগ করেন। সপ্তাহব্যাপী এই কর্মসূচির সমন্বয় করেন দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।



