
ফ্রান্সে বাংলাদেশির ওপর হামলার প্রতিবাদ
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: ফ্রান্সের প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে কুমিল্লা জেলা সমিতির আয়োজনে ভিন দেশিদের হাতে ব্যবসায়ী নেতা শাহ আলম ও অন্যান্য বাংলাদেশিদের ওপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে।
রবিবার অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন- ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, কমিউনিটি নেতা মিজান চৌধুরী মিন্টু, মিজানুর রহমান শিকদার, শুভ্রত ভট্রাচার্য শুভ, এমদাদুল হক স্বপন, শাহিন আরমান চৌধুরী, কামাল মিয়া, কৃষক আব্দুল কাইয়ুম, আব্দুল্লাহ আল তায়েফ, রবিউল হাসান, রাসেল আহমেদ ও নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্থানীয় মিউনিসিপালিটি ও প্রশাসনকে অবগতির পাশাপাশি জোরালো প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।
গত কয়েক বছর ধরে প্যারিসের বিভিন্ন এলাকায় বাংলাদেশিরা চুরি, ছিনতাইসহ বিভিন্ন হামলার শিকার হয়ে আসছেন। এমনকি বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতেও দিনে-দুপুরে চলছে চুরি-ডাকাতি।



