
জামায়াতে ইসলামী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে ‘জাতীয় ঐক্যজোট’
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্টঃ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ সাত দফা দাবি আদায়ে একজোট বর্তমানে বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্ট। এই লক্ষ্যে তারা দেশের বিভাগীয় পর্যায়ে সমাবেশ করবেন। প্রাথমিকভাবে জোটের নাম নির্ধারণ ও করা হয়েছে ‘জাতীয় ঐক্যজোট’। বিএনপির ২০ দলীয় জোটে থাকা জামায়াতে ইসলামী নিয়ে জোটের শীর্ষ নেতাদের সমস্যারও সমাধান হয়েছে।
অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও মাহি বি চৌধুরী শুরু থেকেই বলে আসছিল স্বাধীনতা বিরোধী কোনো শক্তির সঙ্গে ঐক্যজোটে যাবেন না। তবে এবার এই সংকটের নিরসন হয়েছে। সেই অবস্থান থেকে তারা সরে এসেছে।
নতুন সিদ্ধান্ত হচ্ছে, জোটভুক্ত অন্য কারও সঙ্গে স্বাধীনতাবিরোধীরা থাকলেও তাদের আপত্তি নেই। শুধু সরাসরি তারা স্বাধীনতাবিরোধীদের সঙ্গে এক টেবিলে বসবে না। এর মাধ্যমে মূলত ২০-দলীয় জোটের অন্যতম বন্ধু দল জামায়াত পরোক্ষভাবে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক হিসাবে দাবিদার হয়ে গেল।
শুক্রবার যুক্তফ্রন্ট নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার নেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। কর্মসূচি ঠিক করতে শনিবার আরেক দফা বৈঠকে বসবে শীর্ষ নেতারা। আজ বেলা ৩টায় বৈঠকটি হবে গণফোরাম সভাপতি ও ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেনের বাসায়।
বৈঠকে সব চূড়ান্ত হলে আগামীকাল রবিবার রাজধানীর একটি হোটেলে জোটের নতুন নামসহ সাত দফা দাবি, ১১ লক্ষ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান।



