
নন্দিতা দাসের বাবা পদ্মভূষণপ্রাপ্ত যতীন দাসের বিরুদ্ধে # Me too অভিযোগ
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: এবার যৌন হেনস্থায় অভিযোগ উঠল পদ্মভূষণপ্রাপ্ত চিত্রশিল্পী যতীন দাসের বিরুদ্ধে ৷ এই যতীন দাসের কন্যাই হলেন অভিনেত্রী তথা চলচ্চিত্র পরিচালিকা নন্দিতা দাস যিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, যে সব অভিনেতা এবং কলাকুশলীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠবে তাঁদের সঙ্গে কাজ করবেন না বলে।
যতীন দাসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন নিশা বরা যিনি হলেন কাগজ উৎপাদনকারী একটি সংস্থার সহ-প্রতিষ্ঠাতা৷ এই মহিলা টুইটারে দাবি করেন, ১৪ বছর আগে এই শিল্পী তাঁর নিজের স্টুডিয়োতেই তাঁকে যৌন হেনস্থা করেছিলেন। সেই সময় যতীন দাসের অনুরোধেই তাঁকে সেখানে যেতে হয়েছিল এবং কাজের দ্বিতীয় দিনে দিল্লির খিড়কি গ্রামের স্টুডিয়োয় হঠাৎ যতীনবাবু তাঁকে জড়িয়ে ধরে চুম্বন করেন। তখন হাত ছাড়িয়ে নিশা পালান। তবে এই ঘটনার দুদিন পরে নন্দিতা ফোন করে তাঁকে জানান তাঁর বাবার কাছ থেকে এই নম্বর পেয়েছেন৷ পাশাপাশি তিনি শিনার মতো এক তরুনী সহায়ক হিসেবে চান৷ যা শুনে তাঁর মনে হয়েছিল এ যেন তাঁকে ছুরি মারা হল৷
এদিন এই ঘটনার কথা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বর্ষীয়ান শিল্পী৷ যতীন দাসের বক্তব্য, তিনি ওই মহিলার সঙ্গে কোনও দিন দেখাই হয়নি৷ তাঁর অভিমত, স্রেফ মজার ছলে কিছু লোকের বিরুদ্ধে এমন অভিযোগে খেলা চলছে৷
তবে বাবার বিরুদ্ধে এমন অভিযোগ উঠলেও তিনি এই মিটু আন্দোলন থেকে সরে আসছেন না বলেই জানিয়েছেন নন্দিতা দাস৷ ফেসবুকে পোস্ট করে বুঝিয়ে দিয়েছেন সেইসব যৌন হেনস্তার শিকার হওয়া মহিলাদের পাশেই তিনি থাকবেন৷ পাশাপাশি তিনি সতর্ক করেছেন, নিশ্চিত হয়েই মহিলারাও যেন কারও বিরুদ্ধে এমন অভিযোগ আনেন৷



