
‘স্মিথ-ওয়ার্নার ছাড়া অস্ট্রেলিয়া বিরাট-রোহিতহীন ভারতের মতো’
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের এটাই সেরা সুযোগ বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের৷ এমনটাই মত টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের৷ তাঁর এমনটা মনে হওয়ার কারণও জানিয়েছেন মহারাজ৷ আসলে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের মতো সেরা খেলোয়াড়দের না থাকাটাই যে ভারতকে সুবিধা করে দেবে, একথা জানাতে ভোলেননি সৌরভ৷
স্মিথ ও ওয়ার্নারের উপর থেকে নির্বাসন তুলে নেওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে দাবি জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসেসিয়েশন৷ দাবি গুরুত্ব সহকারে বিবেচনার কথা জানালেও বোর্ড এখনই নির্বাসিত তারকদের মাঠে ফেরাতে আগ্রহী নয়৷ তাই যদি হয়, তবে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে ফিরে আসার সম্ভাবনা কম স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের৷
স্মিথ-ওয়ার্নারকে দুই ভারতীয় তারকার সঙ্গে তুলনা করে সৌরভ বলেন, ‘এটা খানিকটা বিরাট কোহলি ও রোহিত শর্মা ছাড়া ভারতীয় দলের মতো৷ দু’জন না থাকায় অস্ট্রেলিয়ার দলগত পারফরম্যান্সে বড়সড় প্রভাব পড়বে৷ সময়টাও ভালো যাচ্ছে বিরাটদের৷ তাই এটাই সুযোগ অজিদের তাদের ঘরের মাঠে বিধ্বস্ত করার৷’
যদিও সৌরভ ভারতীয় দলকে সতর্ক করে দিয়েছেন এই বলে যে, ঘরের মাঠে যে কোনও অস্ট্রেলিয়া দলই শক্তিশালী৷ তাই কেউ যদি অস্ট্রেলিয়াকে দূর্বল ভেবে খেলতে নামে, তবে তার মাশুল দিতে হতে পারে৷’
শেষে দাদা জানান, ‘আমি ইংল্যান্ডে ভারতের বোলিং দেখেছি৷ প্রয় সব টেস্টেই বিপক্ষের ২০টি উইকেট নিয়েছে বোলাররা৷ বোলিং নিয়ে দুশ্চিন্তা নেই৷ তবে ব্যাটসম্যানদের রান তুলতে হবে স্কোর বোর্ডে৷ সৌরভ এটাও জানিয়েছেন যে, ভারতের হয়ে ওপেনে পৃথ্বী শ ছাড়া অন্য কাউকে দেখছেন না তিনি৷



