
ভারতের গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কমলা রকেট’
আর এন শুভ্র
রূপসী বাংলা ঢাকা বিনোদন ডেস্ক: ভারতের গোয়ায় আজ ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে ৯ দিন ব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গুলোর মধ্যে অন্যতম মর্যদাপূর্ণ চলচ্চিত্র উৎসব এটি। আর এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেই ‘কমলা রকেট’ ছবিটি ‘ওয়ার্ল্ড প্যানারোমা’ বিভাগে দেখানো হবে। এ তথ্য জানিয়েছেন ছবিটির নির্মাতা নূর ইমরান মিঠু। তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশের ছবির সঙ্গে আমার ছবিটিও আছে এবং এই ছবির মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারছি, এটাই সবচেয়ে আনন্দের। অনেক ভালো লাগছে আমাদের ছবিটি একটি মর্যদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।’
ওয়ার্ল্ড প্যানারোমা বিভাগটি কোনো প্রতিযোগিতা বিভাগ নয়। প্রতিযোগিতার বাইরে সিনেমা প্রদর্শনের এটি প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড প্যানারোমা। এই উৎসবে অংশ নিতে আজ গোয়া যাচ্ছেন মিঠু। উৎসব শেষ হবে ২৮ নভেম্বর। এর আগে শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়া ‘জাফনা ইন্টারন্যাশনাল সিনেমা ফেস্টিভ্যাল’ থেকে পুরস্কার পেয়েছে ‘কমলা রকেট’।
কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে ‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম।
চলতি বছরের রোজার ঈদে মুক্তি পায় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি। এতে তৌকীর আহমেদ এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগী সামিয়া সাঈদ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেও মোশাররফ করিম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে এবং জয়রাজ সহ আরও অনেকে অভিনয় করেছেন। এখানে মোশাররফ করিম – মফিজুল এবং তৌকীর – আতিক নামে অভিনয় করেছেন।

কাহিনি সংক্ষেপ: একটি স্টিমারের নাম কমলা রকেট, মূলত এটি একটি ছায়া পৃথিবীর গল্প। একটি শতবর্ষী জলযানে আটকে পড়া মানুষের স্বরূপ উন্মোচনের চেষ্টা রয়েছে এই ছবিতে।
এই স্টিমারে অনেক যাত্রী। নানা পেশার নানা মানুষ। স্টিমারের একজন যাত্রী আতিক পেশায় ব্যবসায়ী। ইনস্যুরেন্স থেকে টাকা পাওয়ার আশায় নিজের কারখানায় অগ্নিকাণ্ড ঘটিয়েছেন।
কিন্তু তা জানাজানি হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে তিনি ঢাকা থেকে স্টিমারে করে যাচ্ছেন মংলায়।
বন্ধুর বাসায় আত্মগোপন করে থাকবেন আতিক। এই স্টিমারে করে নিয়ে যাওয়া হচ্ছে একটি মরদেহ। সেই কারখানার অগ্নিকাণ্ডে নিহত একজন নারী কর্মীর মরদেহ নিয়ে যাচ্ছেন তার স্বামী। এভাবেই এগিয়ে যায় গল্পটি।
তথ্য ও ছবি সংগৃহীত



