
৭ বছরে ব্যাংক খাতে ২২ হাজার ৫০২ কোটি টাকা লোপাট: সিপিডি
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: গত ৭ বছরে দেশের ব্যাংক খাত থেকে ২২ হাজার ৫০২ কোটি টাকা লোপাট হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে আমাদের করণীয় কী?’ শীর্ষক সংলাপে এ তথ্য তুলে ধরা হয়। সংস্থাটির মতে, ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সরকারি-বেসরকারি মিলিয়ে ১৪টি ব্যাংকের মাধ্যমে এসব অর্থ লোপাট হয়েছে।
বাড়তি খেলাপি ঋণ, যাচাই-বাছাই ছাড়া ঋণ অনুমোদন, ঋণ দেয়ায় রাজনৈতিক প্রভাব বিস্তার, ব্যাংকারদের পেশাদারিত্বের অভাবে চরম সঙ্কটাপন্ন অবস্থায় এখন দেশের ব্যাংক খাত।
একইসঙ্গে রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের অনুমোদন, পরিচালনা পর্ষদে রাজনৈতিকদের যুক্ত করা, পরিচালকের দুর্বৃত্তায়ন, দুর্বল ব্যাংক ব্যবস্থাপনা ও সবশেষে ঋণ দেওয়ায় সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ভঙ্গুর হচ্ছে দেশের ব্যাংকগুলো।
ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ, নতুন ব্যাংক অনুমোদন না দেওয়া, দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী বিচারিক ব্যবস্থাসহ জরুরি ভিত্তিতে পাঁচটি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি।
সংলাপে জানানো হয়, দেশের ব্যাংকখাতের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো।
সংলাপে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ ও সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ।
সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।



