বিয়ে করছেন পুতিন, কিন্তু কাকে?
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: ফের বিয়ে করতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কোন সৌভাগ্যবান নারী তার জীবনসঙ্গী হতে চলেছেন তার নাম জানা যায়নি।
৬৬ বছর বয়সী পুতিন নিজের ব্যক্তিগত আর পারিবারিক বিষয়ে কঠিনভাবে গোপনীয়তা রক্ষা করে থাকেন। তাই বিভিন্ন সংবাদ সম্মেলনে সাংবাদিকরা সাধারণত তার সরকারেরর বিভিন্ন কর্মকাণ্ড নিয়েই প্রশ্ন করে থাকেন। কিন্তু গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের বার্ষিক সংবাদ সম্মেলনে এই প্রথা ভাঙেন এক স্থানীয় সাংবাদিক। তিনি পুতিনের কাছে সাহস করে বিয়ের কথা জানতে চান। জবাবে মুচকি হেসে পুতিন বলেন, ‘একজন সম্মানিত ব্যক্তি হিসেবে আমারও এ কাজটি করা উচিত।’
তবে তিনি কবে নাগাদ এবং কাকে বিয়ে করছেন এ বিষয়টি খোলাসা করেননি। পুতিন বিয়ে করেছিলেন ১৯৮৩ সালে, রুদমিলা পুতিনকে। ২০১৩ সালে তাদের বিয়ে ভেঙে যায়। এরপর থেকে একাই রয়েছেন তিনি। তার ক্যাটারিনা ও মারিয়া নামে ৩০ বছর বয়সী দুটি মেয়ে আছে।
বিয়ে ভেঙে যাবার পর তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা শোনা গিয়েছিল। অলিম্পিকে সোনা বিজয়ী সাবেক জিমন্যাস্টিক তারকা আলিনা কাবায়েভার সঙ্গে পুতিন চুটিয়ে প্রেম করছেন বলে খবর প্রকাশ করেছিল কিছু রুশ সংবাদ মাধ্যম। এই রুশ সুন্দরীর সঙ্গে সম্পর্কের কারণেই তার বিয়ে ভেঙে গেছে বলেও শোনা গিয়েছিল। এমনকি তারা দুজন বিয়ে করছেন বলেও তখন খবর বেরিয়েছিল। কিন্তু সেই খবর সত্যি হয়নি। গত পাঁচ বছর ধরে নিঃসঙ্গই আছেন রুশ প্রেসিডেন্ট।
সূত্র: হিন্দুস্থান পত্রিকা



