
বিনোদন
আমজাদ হোসেনকে শেষ বিদায় জানাতে এফডিসিতে মানুষের ঢল
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:
অভিনেতা, নির্মাতা ও গীতিকার আমজাদ হোসেন। জীবনের শেষের সময়টা চলচ্চিত্রপাড়া এফডিসিতেই কাটিয়েছেন বেশি সময়। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতেই সময় কাটাতে দেখা যেত তাঁকে। এফডিসির প্রাঙ্গণের প্রতিটি অঙ্গনে জড়িয়ে রয়েছে আমজাদ হোসেনের স্মৃতি। সুস্থ থাকতে প্রায় প্রতিদিনই এফডিসিতে আসার চেষ্টা করতেন তিনি। আজও এলেন । তবে সেটা আর সব দিনের মত স্বাভাবিক আসা নয়। এলেন নিথর দেহে চিরবিদায় নিতে!
এই প্রাণহীন আমজাদ হোসেনকে দেখতে সিনেমা পাড়া আজ হয়ে উঠেছিল লোকে লোকারণ্য। সবার চোখে মুখেই প্রিয়জন হারানোর বিষণ্নতা আর বেদনার ছাপ। আজকের পর আর কখনও প্রিয় স্থানে দেখা যাবে আমজাদ হোসেনকে। পরিচালক সমিতির সামনে আড্ডায় সরব দেখা যাবে না আর! তাঁর বর্ণিল জীবনের অভিজ্ঞতার গল্প শোনা হবে না আর!
সকাল সোয়া ১১টা থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে আমজাদ হোসেনের মরদেহ দুপুর সোয়া ১টায় নিয়ে আসা হয় এফডিসিতে। আমজাদ হোসেনের মরদেহ এখানে আসবে শুনে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে থাকে এফডিসির গেটে। লাশ নিয়ে যাওয়ার পর এফডিসিতে হৃদয়বিদারক পরিস্থিতির তৈরি হয়। কান্নায় ভেঙ্গে পড়েন দীর্ঘদিনের সতীর্থরা। গুণী এই মানুষকে শেষবারের মত দেখতে জনতার ঢলের মধ্যেও অশ্রুসজল চোখে দেখা গেছে চিত্রনায়ক আলমগীর, ফারুক, ববিতা, ইলিয়াস কাঞ্চন, চম্পা, সুচরিতা, এটিএম শামসুজ্জামানদের মত গুণী অভিনেতাদের।
মান্না ডিজিটাল স্টুডিওর সামনে রাখা হয় আমজাদ হোসেনের মরদেহ। সেখানে উপস্থিত হন এফডিসির এমডি, নির্মাতা গুলজার আহমেদ, সোহানুর রহমান সোহান, বদিউল আলম খোকন, পূর্ণিমা, চিত্রনায়ক রিয়াজ, জায়েদ খান, সাইমন ও আরিফিন শুভ সহ এফডিসি কেন্দ্রীক বিভিন্ন সংগঠনের নেতা নেত্রীরা।



