
নেলি সাক্স: দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাড়া খাওয়া নোবেলজয়ী কবি

আকেল হায়দার
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইতিহাসের চরম প্রাণঘাতী এক অধ্যায়। হিটলারের আক্রোশে কোটি মানুষের মৃত্যু যেমন হয়েছিল, তেমনি দেশহারা হয়েছে লাখো ইহুদি। দেশান্তরী হওয়া ইহুদিদের মধ্যে অন্যতম ছিলেন জার্মান-সুইডিশ নোবেল বিজয়ী কবি ও নাট্যকার নেলি সাক্স। গত বছর পার হলো তার জন্মের ১২৭ বছর। ১৮৯১ সালের ১০ ডিসেম্বর জার্মানির বার্লিনে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে কবিতা ও গল্প লেখা শুরু করেন সাক্স। জার্মানির পত্রপত্রিকায় তার লেখা গুরুত্ব সহকারে প্রকাশও করে জার্মান পত্রিকাগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরের বছর ১৯৪০ সালে মাকে নিয়ে জার্মানি থেকে পালিয়ে সুইডেন চলে যান সাক্স। সেখানে গিয়েও জার্মানির গুপ্তচর পুলিশের হাত থেকে বাঁচতে পারেন নি তারা। তাদেরকে এক সপ্তাহ পর ক্যাম্পে রিপোর্ট করতে বলা হয়। কিন্তু ১৯০৯ সালে সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম মহিলা কবি লেগারলফের সহায়তায় তারা সে যাত্রায় বেঁচে যান। নেলি সাক্স ও তার মাকে আশ্রয় দিতে সুইডিশ রাজপরিবারকে বিশেষ অনুরোধ করেছিলেন লেগারলফ। সীমান্ত এলাকায় শরণার্থী শিবিরে পুলিশের জিজ্ঞাসাবাদে সাক্স এতটাই ভয় পেয়েছিলেন, এক পর্যায়ে তিনি প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন। পরবর্তী সময়ে লেগারলফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন সাক্স।

নেলি সাক্স, ১৯১৩৮ সালে।
রিফিউজি হিসেবে সুইডেন পালিয়ে যাওয়ার পর সাক্স তার মাকে নিয়ে এক কামরার ছোট্ট একটি বাসা ভাড়া নেন। তারপর জীবিকা নির্বাহের জন্য অনুবাদক হিসেবে কাজ শুরু করেন। স্টকহোমেই সাক্স তার বাকি জীবন অতিবাহিত করেন। খুব দ্রুত সাক্স সুইডিশ ভাষা রপ্ত করেন এবং ১৯৫২ সালে সেখানকার নাগরিকত্ব লাভ করেন। সে সময়ে বিশ্বযুদ্ধ ও সার্বিক সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে তার অনেক শক্তিশালী কবিতা ও নাটক রয়েছে। ১৯৫০ সালে তার মায়ের মৃত্যু হলে তিনি ভীষণ ভেঙে পড়েন। নানান প্রতিকূলতা ও নিগ্রহ তার জীবনকে এক রকম স্থবির করে দেয়।
নেলি সাক্স প্রথম জীবনে মূলত রোমান্টিক ধারার কবিতা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা আর তার পলাতক জীবনের ঘাত-প্রতিঘাত তার কাব্যভাষায় আনে বিরাট পরিবর্তন। তার অনেক লেখা ইহুদিদের প্রতি নাৎসি বাহিনীর নির্যাতন মুখপাত্রের ভূমিকা হিসেবে কাজ করেছিল। সংকটময় ও কণ্টকাকীর্ণ জীবনে তিনি বেশ কিছু অসাধারণ রচনার জন্ম দিয়ে গেছেন। সাক্সের উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে- ‘ডেথ’ [১৯৪৬], ‘এক্লিপস অব স্টারস’ [১৯৪৯], ‘নো ওয়ান নোস্ হয়ার টু গো’ [১৯৫৭], ‘ফ্লাইট অ্যান্ড মেটামরফোসিস’ [১৯৫৯] এবং নাটক ‘ইলি’ [১৯৫১] ইত্যাদি।

নেলি সাক্সের বিখ্যাত বই ‘অস্ত্রোপচার’
১৯৬৬ সালে নেলি সাক্স সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এ ছাড়াও লেখালেখির জন্য অনেক স্বীকৃতি ও সম্মাননা রয়েছে তার। ১৯৬৫ সালে জার্মান বুক ট্রেড কর্তৃক অর্জন করেন পিস-প্রাইজ। বিবিধ কষ্ট ও গ্লানিময় এক জীবন পার করা সত্ত্বেও সৃষ্টিশীলতা তথা লেখালেখির সঙ্গে কখনও আপস করেননি তিনি। ১৯৭০ সালের ১২ মে ৭৮ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে নেলি সাক্স মৃত্যুবরণ করেন।



