
পাকিস্তানিদের মার্কিন ভিসার মেয়াদ কমে তিন মাস
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নাগরিকদের জন্য মার্কিন ভিসার মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে মাত্র তিন মাস করেছে যুক্তরাষ্ট্র। দেশটির মার্কিন দূতাবাস থেকে এতথ্য জানানো হয়েছে। খবর ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের।
ভিসার মেয়াদ কমানোর পাশপাশি আবেদন ফিও বাড়ানো হয়েছে। আগে পাক নাগরিকদের ভিসার জন্য আবেদন ফি দিতে হত ১৬০ ডলার৷ সেটা এখন বেড়ে হয়েছে ১৯২ ডলার৷ পাল্টা জবাব হিসেবে পাকিস্তানও মার্কিন নাগরিকদের ভিসার মেয়াদ কমিয়ে আবেদন ফি বাড়িয়ে দিয়েছে৷
বারাক ওবামার সময় থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ঘাটতি হতে শুরু করে যুক্তরাষ্ট্রের। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই দূরত্ব আরও বৃদ্ধি পেয়েছে। ক্ষমতায় আসার পর পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের মদত দেয়ার অভিযোগ এনে ত্রাণ বন্ধ করে দিয়েছেন ট্রাম্প।
সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামায় হামলার জেরে ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়লে অনেকটা ভারতের পক্ষ নেয় যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে জঙ্গিদের মদত বন্ধ করার আহ্বান জানায় মার্কিন সরকার। ভারতের বিমান ভূপাতিত করতে পাকিস্তান মার্কিন প্রযুক্তিতে নির্মিত এফ সিক্সটিন যুদ্ধবিমান ব্যবহার করেছে কি না তাও খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।



