
মোদীর অ্যালকোহলের প্রয়োজন নেই, ঔদ্ধত্যই যথেষ্ট: কটাক্ষ কংগ্রেসের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: মোদী ‘শরাব’ মন্তব্য নিয়ে মোদীকেই কটাক্ষ করলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা৷ তিনি বলেন মোদীর ঔদ্ধত্যই এমন যে তাঁর আর অ্যালকোহলের প্রয়োজন পড়ে না৷
নয়াদিল্লিতে একটি জনসভায় বক্তব্য পেশ করতে গিয়ে সুরজেওয়ালা বলেন, গণতান্ত্রিক সমাজে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে শরাব (মদ বা অ্যালকোহল) বলে মোদীজি সমস্ত সীমা অতিক্রম করেছেন৷ তাঁর ঔদ্ধত্য এতোটাই যে তাঁর অ্যালকোহলের প্রয়োজন পড়ে না৷ এই ধরণের মন্তব্য এখনও পর্যন্ত কোনও নেতা করেননি বলে মন্তব্য কংগ্রেস নেতার৷

উল্লেখ্য, উত্তরপ্রদেশের মীরাটে একটি ব়্যালিতে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, সমাজবাদী পার্টি থেকে এসএ, রাষ্ট্রীয় লোকদল থেকে আরএ এবং বহুজন সমাজবাদী পার্টি থেকে বি নিয়ে তৈরি হয় শরাব অর্থাৎ অ্যালকোহল৷ উত্তরপ্রদেশের বিজেপি বিরোধী জোটকে এভাবেই তুলোধনা করেছিলেন তিনি৷ মোদীর এই বক্তব্য নিয়েই মোদীকে নিশানা করতে আসরে কংগ্রেস৷

সুরজেওয়ালা আরও বলেন, আমরা যখন ন্যায়-এর কথা বলছি তখন মোদী দেশের দরিদ্রদের নিয়ে মজা করছেন, এটা দুঃখজনক৷ এর আগে নোটবাতিলের সময় তিনি গরীবদের নিয়ে মজা করে নিজের আসল রূপ প্রকাশ্যে তুলে ধরেছিলেন৷ ন্যায় স্কিমের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিরোধিতা গ্রহণযোগ্য নয় কারণ বার্ষিক ৭২,০০০ টাকা গরীবদের অনেক সমস্যার সমাধান করবে৷



