
বিজেপিকে নিয়ে সোনাক্ষীর বিস্ফোরক মন্তব্য
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: কিছু দিন পরই ভারতের লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ সরব বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। এরই মধ্যে দুইভাগে বিভক্ত হয়ে গেছে বলিউড। একদল অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক সরাসরি নির্বাচনে বিজেপির পাশে এসে দাঁড়িয়েছে। আর অপর দল মুখ খুলতে শুরু করেছে ভারতের শাসকদল বিজেপির বিরুদ্ধে।
বিজেপির বিরুদ্ধে মুখ খোলার সারিতে নতুন নাম, সংসদ সদস্য তথা বলিউডের প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা।
সম্প্রতি বিজেপি থেকে পদত্যাগ করেছেন শত্রুঘ্ন। এর আগে বিজেপিতে থাকাকালে গত ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডারেল ফ্রন্টের ডাকা সমাবেশে কলকাতার বিগ্রেডে দেখা গিয়েছিল সোনাক্ষীর বাবাকে। সম্প্রতি তিনি যোগ দিয়েছেন কংগ্রেসে।
বাবার কংগ্রেসে যাওয়া নিয়ে সোনাক্ষী বলেন, ‘অনেক আগেই বাবার বিজেপি ছাড়া উচিৎ ছিল। কারণ দীর্ঘদিন দলের অভ্যন্তরে বাবাকে অপমানিত হতে হয়েছিল।’
অবশ্য বেশ কিছুদিন আগে থেকেই শত্রুঘ্ন সিনহার বিজেপি ছাড়ার জল্পনা শুরুর হয়। বিশেষ করে শত্রঘ্নু যখন দলের ভিতরে থেকেই মোদী সরকারের বিভিন্ন ইস্যুতে বিরোধিতা করে আসছিলেন।
বলিউডের নায়িকা বলেন, ‘ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারি বাজপেয়ী, বরিষ্ঠ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির সময়কালে বাবা বিজেপিতে যোগ্য সম্মান পেয়েছিলেন। ইদানীং যা পাচ্ছিলেন না।’
উল্লেখ, বিহারী বাবু বলে পরিচিত শত্রুঘ্ন সিনহা বিহারে বিজেপির মুখ হয়ে ছিলেন। এবার সেই বিহারের কোনো কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তিনি কংগ্রেসের হয়ে। রাজনীতিতে মোদি বিরোধী অবস্থানের জন্যই দলের মধ্যে ক্রমশ ব্রাত্য হয়ে পড়েছিলেন তিনি।
তবে বাবা রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও অতীতে রাজনীতি নিয়ে মুখ খোলেননি নায়িকা। তাহলে কী সোনাক্ষীও পা বাড়াচ্ছেন রাজনীতিতে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।



